বঙ্গোপসাগরের জলরাশি ও তলদেশের সম্পদে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা বাংলাদেশের জন্য গৌরব ও আনন্দের।মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশের পক্ষে রায়ের পর প্রতিক্রিয়ায় প্রথম আলোর কাছে প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।‘পররাষ্ট্রমন্ত্রী আজ বুধবার সন্ধ্যায় হামবুর্গ থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (ইটলস) ন্যায়পরায়ণতার ভিত্তিতে রায় দিয়েছেন। ফলে সমুদ্রসীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠায় আমরা যা যা চেয়েছি, তার সবই পেয়েছি।’দীপু মনি বলেন, ‘ভারত ও মিয়ানমার সমদূরত্বের ভিত্তিতে যে সীমারেখা টানার প্রস্তাব দিয়েছিল, তাতে ১৩০ নটিক্যাল মাইলে আটকে যাচ্ছিল আমাদের সীমানা। ইটলসে ন্যায়পরায়ণতার ভিত্তিতে রায়ের ফলে আমরা ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত যেতে পারব। এ ছাড়া সম্প্রসারিত মহীসোপানেও আমাদের দাবি প্রতিষ্ঠিত হলো।’পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ রায়ের ফলে সম্প্রসারিত মহীসোপানে সার্বভৌমত্বের সুরাহা হয়ে গেল। এখন মহীসোপানের সীমানা নির্ধারণ-বিষয়ক জাতিসংঘের কমিটিতে (সিএলসিএস) বাইরের সীমানা নির্ধারণ হয়ে গেলে বাংলাদেশের সমুদ্রসীমার নিষ্পত্তি হয়ে যাবে। তাঁর মতে, ইটলসের রায়ের ফলে সমুদ্রবক্ষে তেল-গ্যাসসহ সম্পদ আহরণে এখনই কাজ শুরু করতে পারবে বাংলাদেশ।এ রায়ের ফলে মিয়ানমারের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি না, জানতে চাইলে দীপু মনি বলেন, ‘সুদীর্ঘ সময় ধরে সমুদ্রসীমা নিয়ে মতপার্থক্য ছিল। আমার বিশ্বাস, এ রায়ের ফলে বিষয়টির সুরাহা হওয়ায় অতীতকে পেছনে ফেলে আগামীতে দুই প্রতিবেশীর পথ চলা আরও মসৃণ হবে।’পররাষ্ট্রমন্ত্রীর দাবি, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টির কারণে সমুদ্রসীমা বিরোধের নিষ্পত্তি হলো আন্তর্জাতিক আদালতে।