আমরা যেভাবে চ্যাম্পিয়ন হতে পারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ আর ভারতের ম্যাচের মধ্যকার বিরতিতে লিখছি। ভারত মোটামুটি রানের পাহাড় করেছে। আমার মতো নাছোড় আশাবাদীর পক্ষেও বলা কঠিন, এই খেলায় বাংলাদেশ ৩৭১ রান করে জিতবে। কাজেই আমি বলতে পারি, এটা অঘটনের বিশ্বকাপ। একটা আপসেট দিয়ে শুরু হলো। ভারতের কাছে বাংলাদেশ হেরে গেল।আপসেট কথাটা রসিকতা। কিন্তু এই যে বাংলাদেশের ব্যাটিং শুরুর আগেই আমি মেনে নিচ্ছি, বাংলাদেশ হেরে যাচ্ছে, দিব্যি কম্পিউটারে বসে লিখতে আরম্ভ করে দিয়েছি, সাকিব আল হাসানরা তো তা করতে পারবেন না। তাঁদেরকে পরের ইনিংসটা খেলতে হবে। এবং এখন তাঁরা বলতেও পারবেন না—না না, হয়নি, আবার শুরু করো, আমরা আগে ব্যাট করব। তাঁদের ব্যাট করতে হবে এবং তাঁরা জেতার জন্যই নামবেন। অস্ট্রেলিয়া ৪৩৪ রান করেছিল জোহানেসবার্গে, ২০০৬ সালে, দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ৪৩৮ করে জিতেছিল সেই ম্যাচ। (কাজেই এখনো আমার মনে এই আশা যে, বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে হলেও ৩৭১ করে জিতে যাবে। আমাদের আনন্দসাগরে ভাসাবে।)।খেলায় হারজিত থাকবে। চার বছর আগে ভারত যে বাংলাদেশের কাছে হেরেছিল, তাতে তারা বিদায় নিয়েছিল বিশ্বকাপের প্রথম পর্ব থেকে। গতকাল প্রথম খেলায় যে দল হারল, তাদের জন্য বিশ্বকাপ শেষ হয়ে যায়নি। গত বছরই তো বিশ্বকাপ ফুটবলে প্রথম খেলায় হেরেও স্পেন চ্যাম্পিয়ন হলো।তবে, সাকিব আল হাসান যা বলেন, তা-ই হলো বাস্তব, দ্বিতীয় রাউন্ডে ওঠাটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছয়টা খেলার মধ্যে চারটা খেলায় জিতলেই সেটা সম্ভব, এমনকি রানরেটের গড়ে তিনটাতে জিতেও সেটা সম্ভবপর হতে পারে। বাংলাদেশ চ্যাম্পিয়ন হচ্ছে, এই আশা আমি এখনই ছাড়ছি না।তবু বলি, খেলায় কে জিতবে কে হারবে, সেটা আমাদের হাতে নয়। কিন্তু স্বাগতিক দেশ হিসেবে আমরা, বাংলাদেশের ক্রিকেটপ্রেমী জনতা, এরই মধ্যে চ্যাম্পিয়ন হয়েই গেছি। ক্রিকইনফো লিখেছে, বাংলাদেশ বিশ্বকাপকে তার আত্মা ফিরিয়ে দিয়েছে। পুরো দেশ আর তার সকল মানুষ ক্রিকেটের নামে মেতে উঠেছে। এত আলো, এত রং, এত আনন্দ—সবই ক্রিকেটের জন্য। সেই জায়গাটা ধরে রাখতে হবে। মনে রাখতে হবে, এটা খেলা আর খেলায় নিজের দল যদি হেরেও যায়, তবু আমরা দলের পাশে থাকব। আমরা নিশ্চয়ই নিজ দলের পরাজয়ে দুঃখ পাব, কিন্তু ক্রুদ্ধ হব না, খেলোয়াড়দের বাড়িতে ঢিল মারব না।এখন আমরা সবাই ক্রিকেট-বিশেষজ্ঞ। ইশ্, বাংলাদেশ কেন আগে ব্যাট করতে গেল? সাকিব এটা করলটা কী? ইশ্, মাশরাফি যদি থাকত! এসব কথা তো আমরা বলবই। কিন্তু আমরা আমাদের খেলোয়াড়দের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব।উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা, শিল্পী নির্বাচন, বক্তৃতা ইত্যাদি নিয়েও আমরা এক হাজার সমালোচনা করতে পারি, কিন্তু উদ্বোধনের এত বড় একটা আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে পেরেছে বাংলাদেশ, আর তা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে, এটা কি কম কথা? সবচেয়ে প্রশংসিত কিন্তু হয়েছে এই দেশের মানুষ, তাদের ক্রীড়াপ্রেম, তাদের উত্সাহ-উদ্দীপনা। সেই জায়গাতে আমরা চ্যাম্পিয়ন ছিলাম, যেন আমরা চ্যাম্পিয়নই থাকি। আমরা ক্রিকেটকে ভালোবাসি, ভালো ক্রিকেট যে খেলবেন, তাঁকে করতালি দিয়ে যেন অভিষিক্ত করতে পারি। আমরা বাংলাদেশকে ভালোবাসি, আর সব সময়ই চাই, দেশের সম্মান যেন বৃদ্ধি পায়, দেশের মাথা যেন উঁচু হয়। বাংলাদেশের ১১ জন খেলোয়াড়ের পারফরম্যান্স দিয়ে নয়, স্বাগতিক দেশ হিসেবে ১৬ কোটি মানুষের আন্তরিক আতিথেয়তা দিয়েই সেটা করতে হবে আমাদের। ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশের ক্রিকেটারদের সামনে গিয়েছিলেন মুসা ইব্রাহীম। তাঁদের শুনিয়েছেন বিরূপ পরিস্থিতি জয় করে তাঁর এভারেস্ট জয়ের গল্প। বাংলাদেশ যদি ভারতের কাছে হেরে যায়, তাহলে মুসা ইব্রাহীমের গল্পটা আবার স্মরণ করতে হবে। এভারেস্টে উঠতে গিয়ে মুসার অক্সিজেনের নল ফুটো হয়ে গিয়েছিল, তিনি মরতে বসেছিলেন, কিন্তু শেষতক তিনি জিতেছেন। আমাদের খেলোয়াড়েরা যেন জেতার জন্য নামেন, এবং ক্রিকেটীয় জ্ঞান আর দক্ষতার পুরোটা ঢেলে দেন। আমরা জানি, দল ১৪টা, কাপ একটা। ১৩টা দলই কাপটা পাবে না, তবু, আমরা যেন নামার আগেই হেরে না যাই। প্রথম খেলায় সাকিব আল হাসান ভারতের অপ্রতিদ্বন্দ্বী ব্যাটিং লাইন দেখেও যে সাহস করে বল নিতে পেরেছেন, সে জন্য তাঁকে আমি অভিনন্দন জানাই, কারণ তিনি সম্মানজনকভাবে হারতে চাননি, জেতার জন্যই নেমেছিলেন। আমরা পারব, এই বিশ্বাস যেন আমাদের সব সময়ই থাকে। এই দেশকে দিয়ে কিছুই হবে না, আমরা যেন এ কথা বলার অভ্যাস ত্যাগ করতে পারি, আমরা যেন বলি, এই দেশকে দিয়েই হবে। হতেই হবে। একদিন না একদিন।