আমরা রামকৃষ্ণ মিশন চালাতে আসিনি: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘পুলিশের কাজ জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। সেই পুলিশ নিজেরাই যদি নিরাপত্তাহীনতায় ভোগে, সেটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তা ছাড়া, আমরা রামকৃষ্ণ মিশন চালাতে আসিনি যে প্রতিদিন রাজপথে পুলিশ নির্যাতিত হবে, আর তা মেনে নিতে হবে।’ আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জনতার প্রত্যাশা আয়োজিত ‘চলমান রাজনীতি, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র, দেশবাসীর করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন নাসিম। খবর বাসসের। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একাত্তরের চিহ্নিত ঘাতকদের বাঁচাতে দেশে জামায়াত-শিবির যে তাণ্ডব চালাচ্ছে, আইন অনুযায়ী তা কঠোরভাবে প্রতিহত করতে হবে। মোহাম্মদ নাসিম বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আন্দোলনে ব্যর্থ ও জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতার লোভে এখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন। দেশের জনগণের প্রতি তাঁর কোনো আস্থা নেই। তিনি বলেন, ‘আমরা নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছি, আপনিও শুরু করুন। পরবাসে গিয়ে কোনো লাভ হবে না। দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করার সুযোগ নেই।’ সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কৃষক লীগের সহসভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সাবেক নেতা মো. শাহজাহান আলম, ছাত্রলীগের সাবেক সহসভাপতি বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।