আমরা লজ্জিত, ব্যথিত ও ক্ষুব্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, ‘কক্সবাজারের রামুতে বৌদ্ধপল্লি ও বৌদ্ধবিহার ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনায় আমরা লজ্জিত, ব্যথিত ও ক্ষুব্ধ। স্বাধীন বাংলাদেশে এ ধরনের বর্বরোচিত হামলা মেনে নেওয়া যায় না। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।’আজ বুধবার সকাল ১০টায় কক্সবাজার পৌরসভার সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন টিআইবির চেয়ারপারসন এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।আইন ও সালিশ কেন্দ্র, মানুষের জন্য ফাউন্ডেশন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এতে উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন হামিদা হোসেন, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রিনা রায়।সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি জানানো হয়। এসব দাবির মধ্যে রয়েছে—বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রশাসনের দায়িত্ব পালনের ব্যর্থতা প্রমাণ হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নিরাপত্তাসহ সব সম্প্রদায়ের সহাবস্থান ও সম্প্রীতি পুনঃপ্রতিষ্ঠা করা, প্রাথমিকভাবে ত্রাণ হিসেবে প্রদত্ত অর্থ-সহায়তা প্রশংসনীয় হলেও অনতিবিলম্বে ক্ষতির মাত্রা নিরূপণ করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিপূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা করা এবং লুণ্ঠিত ধর্মীয় পুরাকীর্তি উদ্ধার ও সেগুলো পুনর্নির্মাণ।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এ হামলা পূর্বপরিকল্পিত। সরেজমিন অনুসন্ধানে তাঁরা জেনেছেন, নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজার থেকে বাসে করে লোকজন নিয়ে যাওয়া হয়েছিল। তিন দিক থেকে মন্দিরে হামলা চালানো হয়। এতে প্রমাণিত হয়, হামলার ঘটনাটি পূর্বপরিকল্পিত।এক প্রশ্নের জবাবে আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন হামিদা হোসেন বলেন, প্রধানমন্ত্রীর রামু সফর বড় ব্যাপার ছিল। রামুর মানুষ এতে সান্ত্বনা পেয়েছে। তবে তিনি যে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, তা ঠিক হয়নি। এতে তদন্তের কাজ বাধাগ্রস্ত হবে।গতকাল সারা দিন এ তিনটি সংগঠনের সদস্যরা রামু, উখিয়া ও টেকনাফে গত ২৯ সেপ্টেম্বরের হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও বৌদ্ধবিহার পরিদর্শন করেন।