আমরা শিক্ষকসমাজ লজ্জিত
একজন শিক্ষক হয়ে কোনো একজন শিক্ষকের অনৈতিক, বর্বর, অসৌজন্যমূলক পশুবৃত্তি নিয়ে আজকের এ লেখার অবতারণা করতে হচ্ছে বলে আমার হূদয় মানসিকভাবে ক্ষতবিক্ষত। পৃথিবীর ইতিহাস বলে—একজন শিক্ষক হলেন একজন মানুষ গড়ার কারিগর। যেমনটি করেছিলেন আমাদের প্রিয় শিক্ষক মিজানুর রশিদ। বখাটেদের হাত থেকে শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিশ্চিত করার জন্য প্রতিবাদ করে নির্মমভাবে তাদের হাতে প্রাণ দিয়ে আজ স্মরণীয় হয়ে আছেন তিনি। উঁচু করে তুলে ধরেছিলেন পিতারূপী শিক্ষক শ্রেণীর মহত্ত্ব, মহানুভবতা, যা নিয়ে আমরা শিক্ষকসমাজ গর্ব করতাম। কিন্তু আজ? ধিক! পরিমল জয়ধর—শিক্ষকতা মহান পেশার অন্তরালে লুকিয়ে রাখা বর্বর পশু, লম্পট। একজন শিক্ষক হিসেবে এ লজ্জা রাখি কোথায়?শিক্ষকরূপী পরিমল জয়ধরের কুকীর্তি আজ মাথা নিচু করে দিয়েছে সমগ্র শিক্ষকসমাজের। কোনো ধরনের দ্বিধা, সংশয় না রেখে দেশবাসী ও অভিভাবকদের কাছে করজোড়ে ক্ষমাপ্রার্থনা করছি আমরা শিক্ষকসমাজ।শুধু ভিকারুননিসা স্কুল নয়, শিক্ষক কর্তৃক ছাত্রীর প্রতি যৌন নির্যাতন বা হয়রানি এ সামাজিক সমস্যা সৃষ্টির পেছনে আমাদের শিক্ষাব্যবস্থা ও তৎসংশ্লিষ্ট প্রশাসনযন্ত্রের ব্যর্থতা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় বিশ্ববিদ্যালয়গুলোতে।তারপর শিক্ষকরাজনীতি, দলীয় শিক্ষক হিসেবে ষড়যন্ত্রমূলক বলে প্রতিপক্ষকে দায়ী করে ওই শিক্ষককে বাঁচিয়ে দেওয়া হয়। আর মিডিয়ার কল্যাণে যদি তা খুব ব্যাপক আকারে প্রচারিত ও প্রকাশিত হয়, তখন দেখা যায় হয় বিভাগীয় প্রধানের পদ থেকে পদত্যাগ নতুবা পরীক্ষা-কার্যক্রম থেকে সরিয়ে দিয়ে ওই শিক্ষককে নিষ্কলঙ্ক প্রমাণের সফল প্রচেষ্টা চালানো হয়; যার পরিণাম—ঘটনার পুনঃ পুনঃ পুনরাবৃত্তি। যদি যৌন নির্যাতন বা নিপীড়নের দায়ে দণ্ডবিধির সর্বোচ্চ দণ্ড প্রদান করা হতো বা উদাহরণ সৃষ্টি করা হতো, তাহলে এসব ঘটনার পুনরাবৃত্তি তেমন ঘটত না বলে বিশ্বাস করা যায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায়ই এ ধরনের অভিযোগ উঠলে আমাদের প্রশাসনযন্ত্র সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আইনের সর্বোচ্চ প্রয়োগের সফল বাস্তবায়ন ঘটাতে। ফলে পরিমল জয়ধররা সময়ে-সময়ে সৃষ্টি হচ্ছেন।এ পরিমল জয়ধরের অপরাধ শুধু শিক্ষার্থীর প্রতি যৌন নিপীড়ন নয়, তাঁর অপরাধ হলো—শিক্ষা নামের পবিত্র প্রত্যয়টিকে কলুষিত করা, শিক্ষকসমাজকে হেয় করা, শিক্ষাপ্রতিষ্ঠানকে অপবিত্র করা, সহকর্মীদের বিব্রত ও বিরূপ পরিস্থিতির মুখোমুখি করা, অভিভাবকদের আতঙ্কিত করা, পুরুষ শিক্ষকদের প্রতি অভিভাবকদের অপমানজনক দৃষ্টিভঙ্গির উদ্রেক ঘটানোসহ সমগ্র শিক্ষণ-প্রক্রিয়াকে বিতর্কিত করা। এ কারণে পরিমল জয়ধরের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি আমরা বিব্রত শিক্ষকসমাজ।সর্বোচ্চ বিচার বা শাস্তি যদি নিশ্চিত করা না হয় তাহলে সরকার ও আইন বিভাগ সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। তাই আমরা শিক্ষকসমাজ আশা করব, সঠিক বিচার পাবে নির্যাতিত ছাত্রীর পরিবার, সম্মান ফিরে পাবে শিক্ষকসমাজ, শিক্ষণ-প্রক্রিয়া হবে কলুষমুক্ত এবং প্রতিষ্ঠিত হবে আইনের শাসন।পরিশেষে আমি শিক্ষকসমাজের পক্ষ থেকে সরকার ও শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানাব, প্রচলিত বাজারব্যবস্থা ও নাগরিক সুযোগ-সুবিধার দিকে লক্ষ্য রেখে শিক্ষকদের এমন ধরনের বেতনভাতাদি নিশ্চিত করুন, যেন শিক্ষক সন্তুষ্ট থাকেন। তাহলেই সে শিক্ষক ক্লাসে তাঁর সর্বোচ্চ শ্রম প্রদান করবেন, যেন কোনো শিক্ষার্থীকে আর প্রাইভেট বা কোচিংয়ে পড়তে না হয়। নতুবা পরিমল জয়ধরদের মতো শিক্ষক বাসায় প্রাইভেট বা ব্যাচ পড়াবেন এবং সরলতা ও দুর্বলতার সুযোগ নিয়ে শিক্ষার্থীদের সর্বনাশ ঘটাবেন। আর শিক্ষকদের প্রতি অনুরোধ, আসুন, পরিমল জয়ধরের জন্য অন্তরের সমগ্র ঘৃণাকে উগড়ে দিই এবং তাঁর শাস্তি নিশ্চিতকরণে সামাজিক আন্দোলন তৈরি করে আমাদের শিক্ষকসমাজের প্রতি অভিভাবকদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফিরিয়ে আনি।লেখক জ্যেষ্ঠ শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ।