আমরা শুধু জন্মদাতা চাই না প্রকৃত বাবা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম শ্রেণী পর্যন্ত কেটেছিল খামখেয়ালিপনায়। কেননা তখনো জীবনের মানে বুঝিনা। নবম শ্রেণীতে উঠে জীবনের গুরুত্বটা বুঝতে শিখি। আমাদের মননে চলনে ব্যাপক পরিবর্তন আসে। আমরা জীবনকে সাজানোর জন্য মরিয়া হয়ে উঠি। আমাদের কাছে শিক্ষা ও স্বাবলম্বনটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই উপলব্ধিটুকু বকুল আপার জীবন থেকে পাওয়া। অকর্মণ্য ও অত্যাচারী স্বামী বকুল আপাকে যখন দুই সন্তানসহ ফেলে লাপাত্তা হলো তখন শিক্ষা আর স্বাবলম্বনই বকুল আপাকে বাঁচিয়ে রাখল। সুমি, সুবাহ, সাবিহা ও আমি। নামের আদ্যাক্ষরে মিল ছিল। শুধু নামের মিলই নয়, আমাদের অন্তরের মিলও ছিল খুব গভীর। তাই সুমির দুঃখে হূদয়টা কাঁদে। নবম শ্রেণীতে আমরা সুমিকে হারাই। সেই কাহিনীও হূদয়বিদারক। হঠাত্ সুমির বাবা ত্রিশোর্ধ্ব এক বিবাহিত ধনী লোকের সঙ্গে ওর বিয়ে ঠিক করে ফেললেন। আমরা বিয়ে ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হলাম। সবাই বুঝালেন কিন্তু সুমির বাবা তা উপলব্ধির চেষ্টা করলেন না। এহেন পরিস্থিতি সুমির স্বকীয়তা মাটির সঙ্গে মিশিয়ে দিল। ও আমাদেরও মুখ দেখাতে লজ্জাবোধ করল। অবশেষে শুধু বলল, ‘তোরা ঠিকমত লেখাপড়া করিস। আমার জন্য ভাবিস না। মনে করিস সুমি নামে কোনো বান্ধবী ছিল না। থাকলেও মরে গেছে। আর দোয়া করিস, এমন জন্মদাতার ঘরে আল্লাহ যেন মেয়ে সন্তান জন্ম না দেন।’ আমরা যদি আত্মহত্যাকে ঘৃণ্য ও জঘন্য বলে না শিখতাম তবে সুমি তাই করত। তাই সব অভিভাবকের কাছে আকুল আবেদন, দয়া করে আপনার মেয়েকে সুমির মতো সুখী করতে চেষ্টা করবেন না। আর দোয়া করবেন, ‘এমন জন্মদাতার ঘরে খোদা যেন মেয়ে সন্তান জন্ম না দেন।’ বার বার বাবা না বলে জন্মদাতা বলছি। কারণ সেদিন বুঝেছি জন্মদাতা আর বাবা এক কথা নয়। জন্ম দিলেই জন্মদাতা হওয়া যায়, আর বাবা হতে হলে আরও বেশি কিছু দিতে হয়। আমরা শুধু জন্মদাতা চাই না প্রকৃত বাবা চাই। আমরা আমাদের জীবন নিজের মতো করে সাজানোর সময় চাই। আফসানা তানজিন (স্বর্ণা)ফুলপুর, ময়মনসিংহ