আমরা শুধুই দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ মার্চ দুপুর পেরিয়ে দিনটা সবে বিকেলের কোলে আশ্রয় নিয়েছে, সূর্যের তেজটা তখনো ছিল। কিন্তু আমাদের স্বপ্ন, আমাদের আশাটা ঢলে পড়ল এই উজ্জ্বল সূর্যের নিচেই। দক্ষিণ আফ্রিকার গড়া ২৮৪ রানের চড়াইয়ে উঠতে গিয়ে ৭৮ রানে শেষ সাকিবের দল। কোয়ার্টার ফাইনালটা হাতছানি দিয়ে মিলিয়ে গেল দিগন্ত রেখায়। না, এবার আর গ্যালারি থেকে ক্ষোভ হয়ে ছুটে আসেনি দর্শকের হাতের প্ল্যাকার্ড। স্টেডিয়াম গেটে ঝাঁঝালো স্লোগানে ফেটে পড়েনি সমর্থক সমাবেশ। সবাই বুঝেছে, এর বেশি করার ক্ষমতা ছিল না বাংলাদেশ দলের। চাপের কাছে ঝুর ঝুর করে ভেঙে পড়েছে সাকিবদের মুখ থেকে বেরোনো যত কাঠিন্য (হ্যাঁ, এই কাঠিন্য থাকে তাঁদের মুখের কথায়)।মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে দুই দলের হোটেল পর্যন্ত দীর্ঘ রাস্তাটা এদিন ঘিরে রেখেছিল পুলিশ। সূচিভেদ্য প্রহরা। ওয়েস্ট ইন্ডিজের টিম বাসে ‘৫৮ হতাশা’য় ইটের টুকরোর সেই আঘাত, সেই জানালার ভাঙা কাচ এবার নিরাপত্তারক্ষকদের অনেক বেশি সতর্ক করল। কিন্তু অপ্রীতিকর কিছুই ঘটল না। জ্যাক ক্যালিস তাঁর নিজের কলামে যে শঙ্কা প্রকাশ করেছিলেন, তা উড়ে গেল ভোজবাজির মতো। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার দেখলেন, সবখানে সুনসান নীরবতা। বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট সমঝদার দেশ! আসলে কী হয়েছিল? হতাশায় নুয়ে পড়া, আর ব্যথায় নীল হওয়া দর্শকের ঢিল হাতে তোলার সামর্থ্যই ছিল না।বাংলাদেশ কি কোয়ার্টার ফাইনালে খেলার বাস্তবোচিত স্বপ্ন দেখেছিল? বিশ্বকাপ যখন এই উপমহাদেশকে আগমনধ্বনি শোনাচ্ছিল, সেই সময়টার কথা বললে উত্তর হবে দুটোই—হ্যাঁ এবং না। হ্যাঁ, কেননা সাত সমুদ্দুর তেরো নদীর ওপারে সেই ক্যারিবিয়ানে যদি আগের বিশ্বকাপে বাংলাদেশ ‘সুপার এইটে’ যেতে পারে, এবার কেন নয়! এই চার বছরে ক্রিকেট দলের শৌর্যবীর্য আরও বেড়েছে। নিউজিল্যান্ডের মতো দলকে ধবলধোলাই করে তার পরিচয় আমরা দিয়েছি। নিজেদের মাটি, নিজেদের দর্শকের সমর্থনের শক্তি ছিল সঙ্গে। ক্রিকেটাররাও উড়িয়ে দিয়েছিলেন স্বপ্নের ফানুস। ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জায় অবনত হওয়ার পরও চট্টগ্রামের মাটি থেকে যেমন ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়াল আমাদের দল, তাতে আশাটা জেগেছিল। তিনটি জয় হাতে এসে গিয়েছিল। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফল আমাদের সহায়ক হতে পারত। ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে গিয়ে তরী ডোবাল ওয়েস্ট ইন্ডিজ। আমাদের ক্রিকেটাররা বললেন, অন্যের দয়ায় তাঁরা নিজেদের ভাগ্য গড়তে রাজি নন। তাঁরা নিজেদের ভাগ্য নিজেদের হাতেই নির্মাণের প্রত্যয়ে মুখোমুখি হলেন দোর্দণ্ড প্রতাপ দক্ষিণ আফ্রিকার। কিন্তু একেবারেই বিনা যুদ্ধে হলো আত্মসমর্পণ। আমাদের কোয়ার্টার ফাইনাল-স্বপ্ন হলো চুরমার। আমাদেরও ৬ পয়েন্ট, ওয়েস্ট ইন্ডিজেরও ৬ পয়েন্ট। অথচ ওরা আজ শিরোপা লড়াইয়ে শ্রেয়তর নেট রান রেটের আনুকূল্যে। যাদের হারিয়ে আমরা বিশ্বকাপ বিসর্জনের বাজনা শুনিয়ে দিয়েছিলাম প্রায়, সেই ইংল্যান্ডেরই অধরা বিশ্বকাপ-স্বপ্নটা জীবন্ত হলো প্রবলভাবে। এমন তো হতেই পারে, ওই ইংল্যান্ডের হাতেই শোভা পেল পরম প্রার্থিত ওই কাপটা!বিশ্বকাপের বোধনের পর মাঠের খেলাটাও শুরু হয়েছিল বাংলাদেশে। আজ কোয়ার্টার ফাইনাল মানে সত্যিকারের শিরোপা লড়াইটাও শুরু হচ্ছে এই দেশেই। মিরপুরে প্রথম কোয়ার্টার ফাইনালে আজ পাকিস্তান মুখোমুখি হচ্ছে সেই ওয়েস্ট ইন্ডিজের। যারা আমাদের ৫৮ রানের লজ্জা দিয়ে আমাদেরই সমান পয়েন্ট নিয়েও আজ শিরোপা যুদ্ধে, সেই ওয়েস্ট ইন্ডিজকে দেখে বুকের মধ্যে একটু উথালপাতাল হবে। কিন্তু এবার আর গেইলদের বাসে ভুল করে হলেও একটা ইটের টুকরোও ছুটে যাবে না। গ্যারান্টি। আমরা ভালো দর্শক। আমরা বিশ্ব ক্রিকেটের ভালো আয়োজক। আমাদের বাড়িতেই অন্যদের বর-কনের বিয়ে হবে, আমরা জৌলুশ ভরেই সেই বিয়েটাকে সুসম্পন্ন করব।আজ আমরা সত্যিই সমঝদার দর্শক। আজ কেমার রোচের গতি দেখে আমাদের গা শিরশির করবে না। তামিম-সাকিবরা আজ মাঠের ২২ গজে নেই তো। গেইলের বোলার-সংহারি মূর্তি দেখে আমরা আনন্দে হাততালি দেব। উমর আকমল-শহীদ আফ্রিদির আনন্দদায়ী ব্যাটিং আজ আমাদের ক্রিকেট-পিপাসা মেটানো সুপেয় জল। উমর গুলের সাপের ছোবল দেওয়া রিভার্স সুইং আমাদের চোখের তারায় নাচন দেখবে। আজ আমাদের কোনো চাপ নেই। চাপে ভেঙে পড়ার কোনো কারণ নেই। আজ আমরা ক্রিকেটের অনন্ত আহ্বানে সাড়া দিয়ে নিখাদ দর্শক।