আমরা সংসদে বসে ঝিমাই: তোফায়েল
গণফোরামের সভাপতি কামাল হোসেন বলেছেন, দেশে এখন ৯৯ শতাংশ মানুষই অধিকার নিয়ে চিন্তিত। তারা আইনের শাসন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। রাজনীতি অসুস্থ হয়ে পড়ার কারণেই এমনটা হয়েছে।আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রলীগের সাবেক সভাপতি মাযহারুল হক বাকী স্মরণে আয়োজিত এক সভায় কামাল হোসেন এসব কথা বলেন।কামাল হোসেন আরও বলেন, মাযহারুল হকসহ যাঁরা দেশের জন্য জীবন বাজি রেখেছিলেন, তাঁদের জন্য শোকসভা করেই দায়িত্ব শেষ হবে না। তাঁদের নীতি-আদর্শ বাস্তবায়ন করতে হবে।প্রবীণ রাজনীতিক কামাল হোসেন সবাইকে সুস্থ রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, সুস্থ রাজনীতি এখনো আছে। তবে সুস্থ ধারার রাজনীতিকদের কাজে লাগানো হচ্ছে না। স্মরণসভায় সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ বলেন, আগে তৃণমূল রাজনীতি করে মন্ত্রী হতেন। এখন মন্ত্রী হয়ে দলীয় রাজনীতিতে সম্পৃক্ত হন। তৃণমূলে যাঁরা ত্যাগ স্বীকার করে রাজনীতি করেন, কেন্দ্রের সঙ্গে যোগাযোগ না রাখলে তাঁরা পদ পান না। কেন্দ্রকে খুশি করতে পারলে আবার পদ পাওয়া যায়। তিনি বলেন, ‘আমি অজপাড়াগাঁ থেকে এসে জীবনে সব পেয়েছি। স্কুলে যেতাম খালি পায়ে। ২০০ টাকা বাড়ি থেকে পাঠালে ৫০ টাকা সংগঠনের পেছনে ব্যয় করতাম।’ছাত্রলীগের বর্তমান রাজনীতি নিয়ে হতাশা প্রকাশ করে প্রবীণ এই নেতা বলেন, ‘এখন নিজেরা নিজেদের খুন করছি, মারামারি করছে। অথচ একসময় ছিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ভবন চিনতামই না। এখন সব ছাত্রনেতার আনাগোনা ওই ভবনে। আজকের দিনের কাছে আমরা শিশু।’তোফায়েল আহমেদ নিজেকে আওয়ামী লীগের সাধারণ সদস্য উল্লেখ করে বলেন, ‘সরকার যা করে বিএনপি শুধু না না বলে। সংসদেও যায় না। আমরা সংসদে বসে ঝিমাই। দল, সবদিক রক্ষা করে বলতে হয়। কোন দিকে যাব। বিরোধী দল থাকলে সংসদে কথা বলা যায়।’তোফায়েল আহমেদ আরও বলেন, ছাত্রলীগের কার্যালয়ের ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা প্রয়াত আবদুর রাজ্জাকের কলার চেপে ধরেছিলেন। পরে টাকা জোগাড় করে পরিশোধ করতে হয়েছে। আজকের দিনে হলে উল্টো ৫০০ কর্মী নিয়ে ওই বাড়িওয়ালাকে ধরে নিয়ে আসা হতো।শিক্ষকদের রাজনীতির সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, শিক্ষকেরা এখন আওয়ামী লীগ ও বিএনপির বৈঠকের সামনের কাতারে বসে থাকেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য গ্রুপ ও উপাচার্যবিরোধী গ্রুপে বিভক্ত। এটা কী করে সম্ভব। এ জন্যই ছাত্র নেতারা শিক্ষকদের সম্মান করেন না।তোফায়েল আহমেদ মাযহারুল হকের নেতৃত্ব, প্রজ্ঞা ও ছাত্রদের প্রতি ভালোবাসার নিদর্শন তুলে ধরেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল জলিল বলেন, মাযহারুল হকের ডাকে যাঁরা রাজনীতিতে এসেছিলেন, পরবর্তী সময়ে তাঁদের অনেকেই তারকা হয়েছেন। কিন্তু বাকি রাজনীতিতে প্রতিষ্ঠা পাননি। কেন পাননি সেটাই বড় প্রশ্ন।রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না বলেন, মাযহারুল হক সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করেছিলেন। কিন্তু জাতীয়ভাবে তিনি প্রতিষ্ঠা পাননি। এটা বড়ই দুঃখজনক।স্মরণসভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী। আরও বক্তব্য দেন খালেদ মোহাম্মদ আলী, শেখ শহিদুল ইসলাম, মোস্তফা মহসীন প্রমুখ।