আমরা সবাই টাকা তো দেবই, শ্রমও দেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারও নামোল্লেখ না করে বলেছেন, ‘কোনো এক ব্যক্তিবিশেষের একটি ব্যাংকের এমডি (ব্যবস্থাপনা পরিচালক) পদ নিয়ে বিশ্বব্যাংক ঋণ বন্ধ করে দেবে, এ কথা অনেকে বলেছেন, আমি শুনেছি।’আজ সোমবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠকে ১৫ ও ২১ আগস্টের কর্মসূচি ঠিক করা হয়।প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের সব প্রস্তুতি শেষ হয়েছে। সেতু নির্মাণে এক বছরের টাকা ঠিক করে ফেলেছি। সেতুর নির্মাণকাজ শুরু করব। তিনি বলেন, ‘আমরা আত্মমর্যাদাশীল জাতি। কারও কাছে মাথা নত করব না। যে জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সে জাতি হয়ে আমরা সবাই মিলে একটি সেতু বানাতে পারবে না, তা তো হতে পারে না। আমরা সবাই টাকা তো দেবই, শ্রমও দেব।’প্রধানমন্ত্রী বলেন, ‘সেতু নির্মাণে সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে আগ্রহ দেখেছি। মানুষের মধ্যে বিরাট উদ্দীপনা। এটা একটা বিরাট পাওয়া। দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ। বাঙালির জাতির আত্মমর্যাদাবোধ আছে।’ তিনি বলেন, গৃহিণীরা বলছেন, বাজার করার টাকা বাঁচিয়ে তারা টাকা দেবেন। স্কুলের ছাত্রছাত্রীরা টিফিন খরচের টাকা দেবে। সাংসদ, মন্ত্রিসভার সদস্যরা এক মাসের বেতন দেবেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টাকা দেবেন। অর্থাত্, সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে আগ্রহ আছে। এ দেশের মানুষ সংকট দেখা দিলে জেগে ওঠে।প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাবা ক্ষমতায় ছিলেন, আমি প্রধানমন্ত্রী ছিলাম এবং এখনো আছি। আমরা ক্ষমতায় বসে নিজের ভাগ্য গড়িনি। আমাদের সম্পত্তিই তো দিয়ে দিয়েছি। রেহানার বাড়িও দান করে দিয়েছেন। বলতে গেলে ঢাকা শহরে দাঁড়ানোর জায়গাও রাখিনি। আমাদের পরিবার বলতে, দুই বোন ও পাঁচ ছেলেমেয়ে। তারা কেউ হাওয়া ভবন খোলেনি। রেহানা এখনো লন্ডনে চাকরি করে, তাঁর ছোট মেয়ে চাকরি করে। এক মেয়ে কাউন্সিলর। আমাদের পাঁচজন চাকরি করে।’প্রধানমন্ত্রী বলেন, আমাদের নাম ভাঙিয়ে কেউ কিছু করলে ছাড়ব না। ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা দিয়েছি। তিনি বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। তাহলে কেন মাথা নত করব? হালাল খাব, হারাম খাব না। সত্যের জয় হবেই।’