আমরা সবাই রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাবা, তোমরা চিন্তা করো না। আমি জিপিএ-৫ এর সংবর্ধনায় যাচ্ছি। সন্ধ্যার আগেই বাড়ি ফিরব।’ এটি বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা, ইস্পাহানী স্কুল থেকে জিপিএ-৫ পাওয়া এক শিক্ষার্থীর চিরকুট। সে ভেবেছিল, তার বাবা-মা একা একা তাকে কৃতী সংবর্ধনায় আসতে দেবে না। তাই অভিভাবকের উদ্দেশে চিরকুট লিখে সংবর্ধনা অনুষ্ঠানে চলে আসে সে। পরে মুঠোফোনে যখন বাবা-মায়ের সঙ্গে কথা হয়, তখন তাঁদের সে জানায়, ‘এখানে বন্ধুদের সঙ্গে মিলে অনেক মজা করছি আমি। না এলে মিস করতাম।’ সন্তানের এই আনন্দ-উচ্ছ্বাসে শেষমেশ খুশি হয়েছেন ওই শিক্ষার্থীর অভিভাবকও। এ রকম হাসিখুশি আর আনন্দ-হুল্লোড়ের জোয়ারে প্রথম আলো আয়োজিত এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতীদের সংবর্ধনা ২০১২-এর অনুষ্ঠানে ঢাকা মহানগর ও এর আশপাশের এলাকার প্রায় ১১ হাজার শিক্ষার্থীর মধ্যে ১৩ ও ১৪ জুলাই ছিল তুমুল উচ্ছলতার আভা। ঢাকার অদূরে নন্দন পার্কে অনুষ্ঠিত দুই দিনের এই আয়োজনে সবার মধ্যেই ছিল রাজ্যজয়ের আমেজ। সবার অভিব্যক্তি এমন, ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে।’ যেদিকে চোখ যায় চারপাশে কেবল অসংখ্য রাজার আনাগোনা। ওরা সবাই কৃতী শিক্ষার্থী। শেরে বাংলা গভর্নমেন্ট বয়েজ স্কুল থেকে জিপিএ-৫ প্রাপ্ত তীর্থঙ্কর শুভাংশু তো বলেই ফেলল, ‘হ্যাঁ, সত্যিই নিজেকে আজ রাজা মনে হচ্ছে। মনে হচ্ছে আমাদের কৃতিত্ব সার্থক।’ঢাকা মহানগরের বিভিন্ন বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া এই রাজাদের নিয়ে দুই দিনের আনন্দযজ্ঞ শুরু হয় ১৩ জুলাই সকাল থেকে। প্রথম দিন শুক্রবার পাঁচ হাজার এবং পরদিন ১৪ জুলাই শনিবার আরও ছয় হাজার শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। মাছরাঙা টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার করেছে। সকালের আকাশ ফরসা হয়েছে ধীরে ধীরে। বন্ধুসভার বুথগুলোতে ক্রেস্ট ও সনদ বিতরণের ব্যস্ততা। ওদিকে নন্দন পার্কের বিভিন্ন রাইডে চড়ে প্রত্যেকে একাই এক শ—যেন রাজ্য জয়ের আনন্দে মাতোয়ারা ঢাকা মহানগরের কীর্তি মুখগুলো। কেবলকার, ওয়াটার কোস্টার, চরকাবুড়ির চক্করের সামনে দীর্ঘ লাইন। তবু তাদের উৎসাহের শেষ নেই। মনিপুর উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া জান্নাতুল ফেরদৌসের চোখে-মুখে আনন্দের ঝিলিক, ‘দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মজা পাচ্ছি। এমন দিন তো আর ফিরে পাব না।’খাবার বিরতি শেষে দুপুর থেকে শুরু হয় মূল পর্ব। প্রথম দিন ঠা-ঠা রোদ্দুর, আর দ্বিতীয় দিনের অনুষ্ঠানের উপরি পাওনা ঝমঝম বৃষ্টি। দুই দিনই অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন। সরস কথায় প্রতি মুহূর্তে তিনি যেন জাদু দেখাচ্ছেন। আর তাঁর সেই সঞ্চালনার জাদুতে উপচে পড়ছে মুহুর্মুহু করতালি, নন্দন মাতাচ্ছে কৃতী রাজারা। কখনো করতালি দেশের জন্য, কখনো বাবা-মা-শিক্ষক এবং স্কুলের উদ্দেশে, কখনো আবার তালি বাজছে গান ও বক্তব্যের শেষে। করতালির উচ্ছ্বাসে অনুষ্ঠানের দুই দিনে একে একে গান গাইলেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, আসিফ, কনা, পলাশ, কিশোর, ইমরান, আতিক, মুহিন, তৌসিফ, ব্যান্ড মাইলস এবং আইয়ুব বাচ্চুর এলআরবি। আবার কথা বলতে এসে অভিনেতা চঞ্চল চৌধুরীকেও গাইতে হলো ‘নিধুয়া পাথারে ধরেছি বন্ধু রে।’ কৃতীদের অনুরোধ বলে কথা!শুধু গান নয়, বিশিষ্টজনদের শুভেচ্ছাও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম, নন্দন গ্রুপের চেয়ারম্যান মাকসুদ চৌধুরী, সাংসদ সারাহ্ বেগম কবরী ও তারানা হালিম, ক্রিকেটার জাভেদ ওমর, খালেদ মাসুদ, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম এবং প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার, চিত্রনায়ক ফেরদৌস, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জপদক জয়ী সামিন রিয়াসাত ও তারিক আদনান, মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল—কে আসেননি অনুষ্ঠানে! তাঁদের সবার বক্তব্যেই ফুটে উঠল সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশের আকুতি। সেই সঙ্গে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম ও উপসম্পাদক আনিসুল হকের উদ্দীপনা জাগানিয়া কথামালা তো ছিলই। কৃতীদের সঙ্গে বিশিষ্টজনদের এই মিলনমেলায় তাই ঠাওর করা কষ্ট—কে কার অলংকার।অনুষ্ঠানের শেষ দিনে ধীর লয়ে সে সময় বাজছে বিদায়ের সুর। সমবেত কণ্ঠে সবাই গাইছে, ‘আমরা করব জয় এক দিন।’ এই গানের সুরে কৃতী সংবর্ধনায় অংশ নেওয়া রাজারাও নন্দনজয়ের পর এবার যেন ছুটে যেতে চাইছে নতুন ভবিষ্যতের দিকে। তাদের দুচোখে তখন চিকচিক করছে আলো।