উত্তাল সমুদ্রে ছুটে চলছে পাল তোলা রাজকীয় জাহাজ। হঠাৎ দুর্নিবার ঝড়। জাহাজডুবির শিকার হয়ে রাজা ও তাঁর সফরসঙ্গীরা একটি বিচ্ছিন্ন দ্বীপে এসে আশ্রয় নেন। সেখানেই কাহিনির আদি-মধ্য-অন্ত। বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট নাটকের গল্প এটি। গতকাল শুক্রবার ঢাকা থিয়েটার নাটকটি শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ করে। নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় নাটকটির বাংলায় অনুবাদ করেছেন রুবাইয়াৎ আহমেদ। এ বছর লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলাধুলার সবচেয়ে বড় আসর অলিম্পিক। তারই অংশ হিসেবে সেখানে ঐতিহ্যবাহী গ্লোব থিয়েটার আয়োজন করেছে ‘গ্লোব টু গ্লোব’ উৎসবের। এতে শেকসিপয়ার রচিত ৩৭টি নাটক মঞ্চস্থ হবে। বিশ্বের প্রায় ছয় হাজার ভাষার মধ্য থেকে শেকসিপয়ারের নাটকের জন্য নির্বাচন করা হয়েছে ৩৭টি ভাষা। এর মধ্যে বাংলা ভাষাও রয়েছে। ঢাকা থিয়েটারের ৩৮ বছরের ঐতিহ্যসংলগ্ন নাট্যচর্চার সামর্থ্যের কারণেই আয়োজকেরা বাংলা ভাষায় শেক্সপিয়ার মঞ্চায়নের গুরুদায়িত্বটুকু এই নাট্যদলের ওপর অর্পণ করেছে। আগামী ৭ ও ৮ মে লন্ডনের গ্লোব থিয়েটারে এই নাটকটি মঞ্চায়ন করবে ঢাকা থিয়েটার। তার আগে গতকাল জাতীয় নাট্যশালায় হলো এর উদ্বোধনী প্রদর্শনী। দ্য টেম্পেস্ট ঢাকা থিয়েটারের ৩৬তম প্রযোজনা। বাংলার ঐতিহ্যবাহী নাট্য আঙ্গিকে নির্মাণ করা হয়েছে দ্য টেম্পেস্ট । এতে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের মণিপুরি জাতিগোষ্ঠীর নৃত্য। নাটকের নির্মাণ প্রসঙ্গে নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের কথা বিবেচনা করে বাংলা ভাষায় মঞ্চায়নের জন্য গ্লোব থিয়েটার কর্তৃপক্ষ দ্য টেম্পেস্ট নাটকটি নির্বাচন করে। নাটকের একটি স্লোগানও দেওয়া হয়েছে, “আমরা স্বপ্ন নদীর নাইয়া”। আমরা সব সময়ই আমাদের আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যকে আমাদের নাট্যে সংশ্লিষ্ট করতে চেষ্টা করেছি। ঐতিহ্যবাহী নাট্যধারাকে ঢাকা থিয়েটার সব সময়ই সমকালীনতায় সমন্বয় করতে চেষ্টা করে। ইউরোপীয় নাটক দ্য টেম্পেস্ট প্রযোজনাতেও এই সেই ধারা অক্ষুণ্ন রাখা হয়েছে। আদর্শবিচ্যুত হয়নি ঢাকা থিয়েটার। আমরা মনে করি, শেক্সপিয়ারের নাটক মঞ্চায়নে এলিজাবেথীয় ধারা অনুসরণ করার কোনো প্রয়োজন নেই।’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন: শিমূল ইউসুফ, কামাল বায়েজীদ, শহীদুজ্জামান সেলিম, খায়রুল ইসলাম, এশা ইউসুফ, চন্দন চৌধুরী, রুবল লোদী, রফিকুল ইসলাম, সামিউন জাহান, সাজ্জাদ রাজীব, রুবাইয়াৎ আহমেদ, নীলমণি সিনহা ও বিধান সিনহা। নাটকটির সুর, সংগীত ও পোশাক পরিকল্পনা করেছেন শিমূল ইউসুফ। শিল্পনির্দেশনা দিয়েছেন ঢালী আল মামুন এবং আলোক পরিকল্পনা করেছেন নাসিরুল হক।