নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় কমিটির উপদেষ্টা, নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাতীয় পার্টির (জাপা) দলীয় সাংসদ নাসিম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জে আমরাই থাকব। এখানে অন্য কোনো খেলোয়াড় আমাদের সঙ্গে খেলে টিকবে না। আমাদের পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র একসময় ব্যর্থ হবে। অতীতে আমাদের সঙ্গে খেলতে গিয়ে নাজমা রহমান, গিয়াসউদ্দিন, হাফেজ মুক্তাররা বিদায় হয়ে গেছে।’জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার দুপুরের ওই সভায় কমিটির সদস্য ও আওয়ামী লীগের জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মো. শহীদুল্লাহর বক্তব্যের জবাবে নাসিম ওসমান এসব কথা বলেন। নাসিম ওসমানের বক্তব্যের আগে মো. শহীদুল্লাহ বলেন, ৭ আগস্ট শহরের কলেজ রোডে জাপার দলীয় সাংসদ নাসিম ওসমানের সন্ত্রাসী ছেলে আজমেরী ওসমানের একটি ‘টর্চার সেলে’ র্যাব অভিযান চালিয়ে রক্তমাখা প্যান্ট, নির্যাতনে ব্যবহূত লাঠি ও রশি উদ্ধার করেছে। এই অভিযানের খবর সব গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রচার হয়েছে। ওই টর্চার সেলে মেধাবী ছাত্র ত্বকীকে নির্যাতন চালিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ওসমান পরিবারের পরিচালিত টর্চার সেলগুলোতে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে অপহরণ করে নির্মম নির্যাতন চালিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। নির্যাতনের শিকার হয়ে এরই মধ্যে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।শহীদুল্লাহ বলেন বলেন, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ওসমান পরিবার সন্ত্রাস, খুন ও চাঁদাবাজির মাধ্যমে ক্ষমতাসীন দলের ভাবমূর্তি নষ্ট করে চলছে। ক্ষমতা চলে গেলে দলের নেতা-কর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে ওসমান পরিবার বিদেশে পালিয়ে যায়। সেখানে তারা লুটপাটের টাকায় বিলাসী জীবন যাপন করে। ওসমান পরিবারের অন্য টর্চার সেলগুলোতেও জরুরিভিত্তিতে র্যাবের অভিযান চালানো প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সভার সভাপতি জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বলেন, রূপগঞ্জের তারাবর পৌর মেয়র শফিকুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবিসংবলিত বিলবোর্ড ভেঙে ফেলার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।নাসিম ওসমান তাঁর বক্তব্যে যাঁদের ‘বিদায়’ করার কথা উল্লেখ করেছেন, তাঁদের মধ্যে নাজমা রহমান আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী। মুহামঞ্চদ গিয়াসউদ্দিন ১৯৭৯ সালে সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। কৃষক লীগের কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন ২০০১ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে সাংসদ নির্বাচিত হন। হাফেজ মুক্তার হোসাইন এরশাদের আমলে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তিনি রহস্যজনকভাবে খুন হন।