আমরাই দেশে গণতন্ত্র এনেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বৈরশাসক ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ দাবি করেছেন, ‘আমরা কেন আজ গণতন্ত্র দিবস পালন করছি? আমরাই দেশে গণতন্ত্র এনেছি। ১৯৮৬ সালের ১০ নভেম্বর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।’আজ শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ নূর হোসেন দিবসে ‘গণতন্ত্র দিবস’ পালনের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে এরশাদ এই দাবি করেন। এই ‘গণতন্ত্র দিবস’ পালন উপলক্ষে সেখানে আলোচনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ১০ নভেম্বর ‘শহীদ নূর হোসেন’ দিবস পালন করে আসছে। ১৯৮৭ সালের এই দিনে সামরিক শাসক এরশাদের শাসনামলে পুলিশের গুলিতে নূর হোসেন শহীদ হন।এরশাদ বলেন, ‘সংবিধানের সপ্তম সংশোধনীর রায়ে হাইকোর্টও বলেছেন, ৮৬ থেকে ৯০ সাল পর্যন্ত দেশে গণতন্ত্র ছিল। সুতরাং আমাদের আর নয় বছরের স্বৈরশাসক বলার উপায় নেই।’নূর হোসেন দিবসের কথা উল্লেখ করে এরশাদ বলেন, ‘শহীদ দিবস পালন নয়, এখন কলঙ্ক দিবস পালন করতে হবে। ক্ষমতায় গেলে শেয়ারবাজার কলঙ্ক, ডেসটিনি কলঙ্ক, হল-মার্ক কলঙ্ক, সাগর-রুনি হত্যার কলঙ্ক, কালো বিড়ালের কলঙ্ক দিবস পালন করব আমরা।’জাপা চেয়ারম্যান বলেন, ‘নূর হোসেনের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। কিন্তু তাঁর পিঠে যে স্লোগান ছিল, সেটি কী তিনি লিখেছেন? লিখেননি।’ এরশাদ দাবি করেন, লাশের সৃষ্টি করে আন্দোলনকে বেগবান করার জন্য এটি করা হয়েছিল। কারণ, এরপর কত নূর হোসেন চলে গেল, কিন্তু কেউ দিবস পালন করে না।নির্বাচনের জন্য নেতা-কর্মীদের সব দ্বিধা ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এরশাদ। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা একলা নির্বাচন করব, জনগণের ভোটে আবার ক্ষমতায় আসব। উই আর রেডি কাম টু পাওয়ার।’ বর্তমান সময়কে ‘অসহনীয়’ উল্লেখ করে এরশাদ বলেন, মানুষ, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি থেকে মুক্তি চায়। জাতীয় পার্টি সেই মুক্তির সন্ধান দেবে।এরশাদ বলেন, ‘সবার মনে প্রশ্ন, কখন মহাজোট থেকে বেরিয়ে আসব? ঢাকায় পাঁচ লাখ লোকের সমাবেশ করব, সেদিন বলব, কবে বেরিয়ে আসব।’সভায় জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, দলের জ্যেষ্ঠ সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ, কাজী জাফর আহমদ বক্তব্য দেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।