আমরাও হতবাক-ক্রুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগর সরওয়ারের সঙ্গে আগে মাঝেমধ্যে দেখা হতো। ইদানীং দেখা হতো বেশ বিরতি দিয়ে। রুনির সঙ্গে আমার প্রায়ই দেখা হতো। মেহেরুন রুনি। এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার। কোনো অনুষ্ঠানে দেখা হতেই মিষ্টি হেসে সালাম জানাতেন।পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অসংখ্য দুর্ঘটনাজনিত মৃত্যু ও হত্যাকাণ্ডের প্রতিবেদন করতে হয়েছে তাঁকে। ঝড়-বৃষ্টি কোনো প্রাকৃতিক দুর্যোগই তাঁর দায়িত্ব পালনের পথে বাধা হতে পারেনি। টিভি স্ক্রিনে তাঁর রিপোর্ট দেখে, হত্যাকাণ্ডের বিবরণ শুনে অনেক দর্শক অশ্রু সংবরণ করতে পারেনি। তিনি জানতেন না, তাঁকে নিয়েও রিপোর্ট হবে। আমরা সাগর ও রুনির নির্মম মৃত্যুতে শোক প্রকাশ করব না। ওঁদের একমাত্র সন্তান মেঘের মতোই আমরাও হতবাক। আমরা ক্রুদ্ধ।বাংলাদেশ আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুপুরীতে। আজ এখানে কোথায় নেই মৃত্যু? মৃত্যু নয়, অপমৃত্যু। নৃশংস হত্যাকাণ্ড।স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চেয়েছে এ দেশের মানুষ। রাষ্ট্র তা দিতে পারেনি। শিক্ষাঙ্গনে প্রায় প্রতিদিন ঝরছে রক্ত। মিছিলে বের হলে লাশ হয়ে ফিরছে মানুষ ঘরে। সড়কে মৃত্যু। এমনকি কর্মক্লান্ত মানুষ দিনের শেষে ঘরে ফিরলে সেখানেও ওত পেতে থাকে মৃত্যু। দীনেশ দাশ খবর সংগ্রহ করতেন। নিজেই খবর হলেন। জীবন দিলেন দিনদুপুরে রাজপথে। সাগর ও রুনি জীবন দিলেন নিজের ঘরে ঘাতকের হাতে।যেকোনো পেশার যেকোনো মানুষের অপমৃত্যু শোকাবহ। সাংবাদিকতা পেশাটির কাজ সত্য উদ্ঘাটন করা। তা করতে গিয়ে সাংবাদিকেরা বহু মানুষ ও কায়েমি স্বার্থের বিরাগভাজন হন। এ পর্যন্ত বাংলাদেশে বহু সাংবাদিক জীবন দিয়েছেন। গত এক দশকে ১২ সংবাদকর্মী নিহত হয়েছেন। একটি হত্যাকাণ্ডেরও সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি। অপরাধীরা শাস্তি পায়নি। আমাদের রাষ্ট্র—আমাদের সরকার জীবনের নিরাপত্তা দিতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। অপরাধ ক্রমাগত বাড়ছে। রাষ্ট্রের এই ব্যর্থতাকে আমরা ক্ষমা করতে পারি না। এক-একটি প্রাণ ঝরে পড়ে আর আমাদের শাসকশ্রেণী আনুষ্ঠানিক শোক প্রকাশ করে তাঁদের দায়িত্ব পালন করেন। প্রতিটি শোকবার্তায়ই তাঁরা বলেন, খুনিদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে ও শাস্তি দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয় না। অপরাধ সংঘটিত হওয়ার পর সরকারের প্রাথমিক কাজ দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করা। সে দায়িত্ব পুলিশের ও প্রশাসনের। তার পরের কাজ আদালতের। সরকারের সহযোগিতা ও আন্তরিকতা ছাড়া বিচারকাজ সুষ্ঠুভাবে হতে পারে না। বিচার না পেয়ে বিচারব্যবস্থার প্রতিই মানুষ আস্থা হারিয়ে ফেলছে।সাগর ও রুনির হত্যাকাণ্ডের ঘাতকদের খুঁজে বের করে বিচার করে আদৌ শাস্তি দেওয়া হবে কি না, এখনই বলা সম্ভব নয়। যদি তা করতে রাষ্ট্র ব্যর্থ হয়, ওঁদের সন্তান মেঘ এই রাষ্ট্রকে ক্ষমা করবে না। ক্ষমা করব না আমরাও—সাগর ও রুনির সহকর্মী ও বন্ধুরা।