আমরি হাসপাতাল সিলগালা, মৃত ৯০
ফরেনসিক বিশেষজ্ঞদের পরিদর্শনের পর কলকাতার ঢাকুরিয়ার আমরি হাসপাতাল আজ সিল করে দিয়েছে রাজ্য সরকার। পরিদর্শনের পর তাঁরা বলেন, বেসমেন্ট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তদন্তের স্বার্থে তাঁরা সেখান থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করেন। এরই মধ্যে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এদিকে, গতকাল শুক্রবার মধ্যরাতে এক রোগীর মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯০। তাঁকে মুকুন্দপুরে ভর্তি করা হয়েছিল। তবে এখনও বেশ কয়েকজন রোগীর পরিজন তাদের আত্মীয়কে খুঁজে বেড়াচ্ছেন। আজ সকালেও তারা হাসপাতালের সামনে ভিড় করেন। তারা অভিযোগ করেন, হাসপাতালের বেশ কয়েকজন রোগী নিখোঁজ রয়েছেন। তারা মারা গিয়েছেন নাকি অন্য কোথাও ভর্তি হয়েছেন, সে সম্পর্কে কোনও তথ্য জানতে না পারায় বিভ্রান্তি তৈরি হয়েছে। সরকারি সূত্রে জানানো হয়, সব লাশই ময়না তদন্তের পর মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। দুটি লাশ এখনও শনাক্ত করা যায়নি। চূড়ান্ত গাফিলতির অভিযোগে গতকাল হাসপাতালের ছয়জন পরিচালককে পুলিশ গ্রেপ্তার করেছে। এদিকে, আজ আরও একজন পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিচালকদের মধ্যে একজন হাসপাতালে থাকায় বাকি ছয়জনকে আদালতে পেশ করা হয়। বিচারক তাঁদেরকে আগামী ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।এদিকে হাসপাতালে অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে দমকল বিভাগ অভিযোগ করেছে, তিন মাস আগেই হাসপাতাল কর্তৃপক্ষকে বেসমেন্টটি পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছিল। গত ৫ ডিসেম্বর সেই মেয়াদ পার হয়ে যায়। এছাড়াও ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটালস আমরি হাসপাতালকে সতর্ক করে দিয়েছিল। তারা আণবিক শক্তি কমিশনের অনুমতি ছাড়াই রেডিওলজি বিভাগ চালাচ্ছিল বলে অভিযোগ রয়েছে।