গত তিন বছরের আমলনামা বা কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলাকায় কারও গ্রহণযোগ্যতা না থাকলে তাঁকে মনোনয়ন দেওয়া হবে না বলে জানান তিনি।আজ রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন বলে জানা গেছে। এ ছাড়া বৈঠকে সার্চ বা অনুসন্ধান কমিটিতে ১৪ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনারদের নাম জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।সূত্র জানায়, দলীয় সাংসদদের সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, সব সাংসদের আমলনামা তাঁর হাতে রয়েছে। এরই মধ্যে ২০০ সাংসদের আমলনামা দেখা হয়েছে। বাকিগুলোও দেখা হচ্ছে। তিনি বলেন, এখনো সময় আছে, জনগণ ও কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ান।বৈঠক সূত্র জানায়, সাংসদদের বিগত দুই বছর নয় মাসের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সাংসদদের আমলনামা তৈরি করা হয়েছে। সব সাংসদের কর্মকাণ্ড যাচাই-বাছাই শেষ হলে ২৫ জন করে সাংসদ নিয়ে ধারাবাহিক বৈঠক করা হবে। প্রধানমন্ত্রী দলের কেন্দ্রীয় নেতা ও সাংসদদের সাংগঠনিক কর্মকাণ্ড বাড়ানোর নির্দেশ দেন।সূত্র জানায়, বৈঠকে নির্বাচন কমিশন (ইসি) গঠনে অনুসন্ধান কমিটিতে যে তালিকা পাঠানো হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে অনুসন্ধান কমিটিতে নাম জমা দেওয়া নিয়ে পক্ষ-বিপক্ষে আলোচনা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তোফায়েল আহমেদ, সুবিদ আলী ভূঁইয়া অনুসন্ধান কমিটিতে নাম জমা না দেওয়ার পক্ষে মত দেন।এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা অনুসন্ধান কমিটির কাছে নামের তালিকা পাঠাব। এ নিয়ে ১৪ দলসহ মহাজোটের সঙ্গে আলোচনা করব। সবার সঙ্গে বৈঠক করেই আমরা নামের তালিকা পাঠাব।’ এ তালিকা ১৪ দল বা মহাজোটগতভাবে অভিন্ন হতে পারে আবার ভিন্নও হতে পারে বলে তিনি মন্তব্য করেন। তাঁকে সমর্থন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আমির হোসেন আমুসহ বেশির ভাগ সাংসদ।