আমলযোগ্য অপরাধে থানা মামলা নিতে বাধ্য
আমলযোগ্য অপরাধ হলে থানা মামলা গ্রহণে বাধ্য থাকবে বলে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। গত ২৪ আগস্ট বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন। মতিঝিলে একটি বাসায় কাজের মেয়ে হিসেবে নিয়োজিত ছিল ১৪ বছর বয়সী বীথি। গত বছরের ২২ সেপ্টেম্বর মেয়েটি সে বাসা থেকে হারিয়ে যায়। তার চাচাতো ভাই মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে থানা তা গ্রহণ করেনি। পরে তিনি ১৮ ফেব্রুয়ারি নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন। আদালত ঘটনার তদন্তের জন্য মতিঝিল থানাকে নির্দেশ দেন। এর পরও তেমন কোনো অগ্রগতি না হওয়ায় বীথির মা হাইকোর্টে রিট দায়ের করেন। প্রাথমিক শুনানির পর গত মে মাসে আদালত রুল জারি করেন। রুল শুনানি শেষে আদালত এ রায় দেন। এ রায়ের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হলো। মতামত নিয়েছেন আফতাব উদ্দিন ছিদ্দিকীসুফল বয়ে আনবেআবদুল বাসেত মজুমদার ফৌজদারি আইন বিশেষজ্ঞএটা খুবই উৎসাহব্যঞ্জক একটা সিদ্ধান্ত। ব্যক্তিগত, রাজনৈতিক ও সামাজিকসহ বহুবিধ স্বার্থসংশ্লিষ্ট কারণে পুলিশের কর্মকর্তারা মামলা নিতে গড়িমসি করেন। এটা এখন প্রতিষ্ঠিত সংস্কৃতি। থানায় আমলযোগ্য অপরাধে মামলা করতে গেলে, মামলা করা যাবে কি যাবে না, এটা সম্পূর্ণ নির্ভর করে থানার কর্মকর্তাদের মেজাজমর্জির ওপর। অথচ আমলযোগ্য অপরাধে মামলা নিতে তাঁরা বাধ্য। এটা তাঁদের অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য। কর্তব্য অনুযায়ী কাজ না করলে শাস্তির সম্মুখীন হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু পুলিশের কর্মকর্তারা এ জায়গায় ছিলেন সম্পূর্ণ শাস্তিমুক্ত। ফলে তাঁরা দিন দিন স্বেচ্ছাচারী হয়ে উঠছিলেন। এ রায় তাঁদের এই স্বেচ্ছাচারিতাকে অনেকটা স্তিমিত করবে। তদুপরি সংবিধানের ১১২ অনুচ্ছেদে বলা হচ্ছে, ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত সকল নির্বাহী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টকে সহায়তা করবেন।’ তাই সুপ্রিম কোর্টের এ রায়কে মান্য করা তথা আমলযোগ্য অপরাধে মামলা নেওয়া এখন থানার কর্মকর্তাদের সাংবিধানিক দায়িত্ব। আমি মনে করি, এ রায় বিচারপ্রার্থী জনগণের জন্য বড় ধরনের সুফল বয়ে আনবে।পুলিশের জবাবদিহি বাড়বেআশরাফুল হুদা পুলিশের সাবেক মহাপরিদর্শকআমাদের দেশে অনেক আইন আছে, যার প্রয়োগ বা কার্যকরতা বাস্তবে নেই। আমলযোগ্য অপরাধে মামলা নেওয়ার বাধ্যবাধকতার বিষয়টিও তেমনি। এটিও আগে থেকে আইনে ছিল। ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় এ বিষয়ে বলা আছে। কিন্তু প্রয়োগ ছিল না। হাইকোর্টের এই নির্দেশের পরে, এ ক্ষেত্রে পুলিশের জবাবদিহি বাড়বে, দায়বদ্ধতা বাড়বে। তারা এ বিষয়ে আগের চেয়ে আরও বেশি সতর্ক হবে। পুলিশের সেবার মান বাড়বে। ফলে জনগণের ভোগান্তি কমবে বলে আমার ধারণা। অর্থাৎ সামগ্রিক ফৌজদারি বিচারব্যবস্থার ওপর এ রায়ের ভালো একটা প্রভাব পড়বে। আমলযোগ্য অপরাধে মামলা না নেওয়া চূড়ান্তভাবে দায়িত্বে অবহেলার নামান্তর। এ ক্ষেত্রে বিভাগীয় কার্যক্রমের মাধ্যমে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে চাকরিচ্যুতি, পদচ্যুতি, পদাবনতি, বেতন হ্রাস, পদোন্নতি হ্রাসসহ বিভিন্ন শাস্তির বিধান রয়েছে। সেগুলো তাত্ত্বিকভাবে যথেষ্ট হলেও প্রায়োগিকভাবে যথেষ্ট ছিল না। তাই ভুক্তভোগীকে আদালতের দ্বারস্থ হতে হয়। আর এর পরিপ্রেক্ষিতে এ রায়টা এল। তবে এটাও ঠিক, পুলিশ অ্যাক্ট, পিআরবি, ফৌজদারি কার্যবিধি অর্থাৎ যে আইনগুলোর ওপর ভিত্তি করে পুলিশি কার্যক্রম চলছে, সেগুলো যথেষ্ট পুরোনো প্রচলিত। এসব আইনের আওতায় চাইলে কোনো পুলিশের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া যায়। কিন্তু তার সঙ্গে যদি হাইকোর্টের সমসাময়িক একটা রায় থাকে, তবে জনগণের সুফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এ সময়োপযোগী রায়কে আমি সাধুবাদ জানাই।না মানলে হবে আদালত অবমাননামোতাহার হোসেন ডেপুটি অ্যাটর্নি জেনারেলএটি আমাদের সমাজব্যবস্থার জন্য অত্যন্ত ইতিবাচক একটি রায়। এত দিন মামলা নেওয়া না-নেওয়া ছিল থানার একান্ত খেয়ালখুশির একটা ব্যাপার। সে আমলযোগ্য অপরাধ হোক আর আমল অযোগ্য অপরাধ হোক। আমলযোগ্য অপরাধে মামলা নেওয়ার বাধ্যবাধকতার কথা ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় বলা হয়েছে। তার পরও এ ক্ষেত্রে থানা তার ইচ্ছামাফিক আচরণ করত। ফলে মানুষ ন্যায়বিচার পাওয়ার কথা দূরে থাক, ন্যায়বিচার পাওয়ার জন্য যে চেষ্টা করবে, উদ্যোগ নেবে, সে সুযোগও অনেকাংশে রুদ্ধ ছিল। এই রায়ের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের আদালতের মাধ্যমে বিচারবঞ্চিত হওয়ার সম্ভাবনা কমে এল। মামলাই যদি করতে না পারে, তবে বিচারিক ব্যবস্থা, বিচারিক এত আয়োজন-অনুষঙ্গ—সবকিছু হাস্যকর। এ রায়ের ফলে থানা যদি আমলযোগ্য অপরাধের মামলা না নেয়, তবে মানুষ সংশ্লিষ্ট থানার কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুসহ আদালত অবমাননার অভিযোগ আনতে পারবে। তা ছাড়া হাইকোর্টও চাইলে এ ক্ষেত্রে সুয়োমোটো বা স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগ আনতে পারবেন। এটা নিঃসন্দেহে আমাদের বিচারিক ব্যবস্থার একধাপ উত্তরণ।