আমলা আর ক্যালিসের দিন
ব্রিসবেন টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছেন হাশিম আমলা ও জ্যাক ক্যালিস। দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ২৫৫ রান। আমলা-ক্যালিস দুজনেই সেঞ্চুরির দিকে এগিয়ে চলেছেন।দিনের খেলা শেষ হওয়ার সময় আমলা অপরাজিত ছিলেন ৯০ রানে। অপর প্রান্তে থাকা ক্যালিস অপরাজিত ছিলেন ব্যক্তিগত ৮৪ রানে। সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।প্রোটিয়াদের শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ২৯ রানেই পতন ঘটে প্রথম উইকেটের। জেমস প্যাটিনসনের বলে এলবিডব্লিউ হন অধিনায়ক গ্রায়েম স্মিথ (১০)। কিন্তু পরবর্তী উইকেটের দেখা পেতে বেশ ঘাম ঝরাতে হয় স্বাগতিক অস্ট্রেলিয়াকে।দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অ্যালভাইরো পিটারসেন (৬৪) যখন আউট হন, তখন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১১৯ রান। এবার শিকারি নাথান লিওন। দিনের বাকি সময়ে আর কোনো উইকেটের দেখা পাননি অসি বোলাররা। এ দিন অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন প্যাটিনসন। ২০ ওভার বল করে দিয়েছেন মাত্র ৫৩ রান, শিকার করেছেন একটি উইকেট। দিনের অপর উইকেট শিকারি লিওন ১২ ওভার বল করে দেন ৬১ রান।সংক্ষিপ্ত স্কোর:দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ২৫৫/২(প্রথম দিনের খেলা শেষে)আমলা ৯০*, ক্যালিস ৮৪*, পিটারসেন ৬৪প্যাটিনসন ১/৫৩, লিওন ১/৬১সূত্র: ক্রিকইনফো।