পৌরসভা বিলুপ্ত করে নারায়ণগঞ্জকে সিটি করপোরেশনে উন্নীত করায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জের সাংসদসহ ক্ষমতাসীন দলের জেলা শাখার শীর্ষস্থানীয় নেতারা। তবে নেতারা নবগঠিত সিটি করপোরেশনে সরকার-মনোনীত আমলাকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। জনস্বার্থে পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদেরই সিটি করপোরেশনে দায়িত্ব পালন করতে দেওয়া উচিত বলে মত প্রকাশ করেন।১৩৮ বছরের পুরোনো দেশের প্রথম শ্রেণীর বিশেষ মর্যাদাভুক্ত নারায়ণগঞ্জ পৌরসভাকে বিলুপ্ত করে, এর সঙ্গে সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠন করা হয়েছে। গতকাল রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নারায়ণগঞ্জকে সিটি করপোরেশনে উন্নীত করা-সম্পর্কিত গেজেট প্রকাশ করেছে।সদ্য বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জকে সিটি করপোরেশন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের কাছে পৌরবাসীর পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে তিনি বলেন, জনস্বার্থে পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদেরই সিটি করপোরেশনের দায়িত্ব পালন করতে দেওয়া উচিত।নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সাংসদ সারাহ বেগম কবরী আশা প্রকাশ করে বলেন, সিটি করপোরেশনে উন্নীত হওয়ায় নারায়ণগঞ্জের আরও উন্নয়ন হবে। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিলুপ্ত পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে বিশেষ কাউকে খুশি করার জন্য বিতর্কিত কোনো আমলাকে প্রশাসক নিয়োগ জনস্বার্থে ভালো হবে না।’ একই কথা বলেন শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। একই মন্তব্য করে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি বলেন, বর্তমান পৌর পরিষদ নির্বাচিত হওয়ার আগে টানা ১৫ বছর নারায়ণগঞ্জ পৌরসভায় কোনো জনপ্রতিনিধি ছিল না। তখন নাগরিকদের দুর্ভোগ ছিল সীমাহীন। এখন নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে সরকার-মনোনীত আমলা প্রশাসকেরা কতটুকু নাগরিক কল্যাণ করতে পারবেন, তা সরকারের বিবেচনা করা উচিত।পাঁচ ইউনিয়ন অন্তর্ভুক্তের দাবি: নবগঠিত সিটি করপোরেশনে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জেলা জজ, স্টেডিয়ামসহ জেলার অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা গোগনগর, কাশিপুর, ফতুল্লা, এনায়েতনগর ও কুতুবপুর—এই পাঁচটি ইউনিয়নে অবস্থিত। জনসংখ্যার ঘনত্ব, আয়ের উৎস ও অর্থনৈতিক গুরুত্বের দিক দিয়ে যোগ্যতার প্রশ্নে এই পাঁচটি ইউনিয়ন পিছিয়ে নেই উল্লেখ করে তিনি এগুলোকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।