আমলাতান্ত্রিক জটিলতায় বিদেশি বিনিয়োগ আসছে না: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেছেন, বিদেশি বিনিয়োগ না আসার কারণ হিসেবে অনেকেই বলে থাকেন অবকাঠামো না থাকার কথা। কিন্তু এর মূল কারণ হলো আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি। বিশেষ করে উত্তরাধিকার সূত্রে পাওয়া দুর্নীতি। আন্তর্জাতিক বাজারের কারণে দেশে কিছু পণ্যের বাজার অস্থির হচ্ছে। এ ছাড়া কিছু পণ্য নিয়ে কারসাজিও হচ্ছে। এসব ব্যাপারে সরকার সজাগ আছে।আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে ব্যবসা করার চ্যালেঞ্জ ও সুবিধা’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে সময় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। আমেরিকান চেম্বার অব কমার্স ওই ভোজসভার আয়োজন করে।জি এম কাদের বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের বাজার উন্মুক্ত। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসার জন্য যা যা করার, সরকার সেগুলো করছে। বিদ্যমান সমস্যাগুলো কমানোর চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় দুর্নীতির সঙ্গে কোনো আপস করছে না। দুর্নীতি রোধে কোনো ছাড়ও দেওয়া হবে না।বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে মূল্যস্ফীতি বেড়েই চলেছে। জ্বালানি তেল, বিদ্যুতের দামও বাড়ছে। সেটা আবার মূল্যস্ফীতি বাড়াচ্ছে। এটি সামষ্টিক অর্থনীতির ভারসাম্য নষ্ট করছে। তাই মূল্যস্ফীতি দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে। অবশ্য কোনো একক মন্ত্রণালয়ের পক্ষে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।