আমলাদের কাজে ধীরগতি, প্রধানমন্ত্রীর অসন্তোষ
আমলাদের কাজকর্ম নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন আলোচনার একপর্যায়ে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও দীর্ঘসূত্রতায় আমলাদের দায়ী করেন তিনি।বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম চার লেনবিশিষ্ট মহাসড়ক প্রকল্পের দীর্ঘসূত্রতার কথা উল্লেখ করে বলেন, আমলারা বোঝাতে চেষ্টা করেন যে তাঁরা কাজ করছেন, সরকারকে সহায়তা করছেন, কিন্তু বাস্তবে হচ্ছে না। তাঁরা মুখে ভালো কথা বলেন। বলছেন, সবকিছু ঠিকঠাক আছে। কোথাও কোনো সমস্যা নেই, কিন্তু কাজ করেন না। প্রধানমন্ত্রী এসব আমলা সম্পর্কে মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি আমলাদের কাছ থেকে কাজ আদায় করে নেওয়ার কথাও বলেন। গতকালের বৈঠকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন আইন, ২০১০-এর নীতিগত অনুমোদন দেওয়া হয়। আইনটি ২০০২ সালে দুই বছরের জন্য প্রণয়ন করা হয়। পরে ২০০৪, ২০০৬ ও ২০০৮ সালে দুই বছর করে সময় বাড়ানো হয়। সম্প্রতি এ আইনের মেয়াদ শেষ হয়। গত পাঁচ এপ্রিলের মন্ত্রিসভার বৈঠকে আইনটির মেয়াদ ২০১২ সাল পর্যন্ত বাড়ানো হয়।চাঁদাবাজি, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা, ক্ষতিসাধন, ছিনতাই, দস্যুতা, দরপত্র ক্রয়-বিক্রয়ে প্রতিবন্ধকতাসহ নানা অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য আইনটি করা হয়।এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, আইনটির মেয়াদ বাড়ানো না হলে এ আইনে দায়ের করা মামলার বিচারকাজে সমস্যা সৃষ্টি হবে।গতকালের বৈঠকে জাতীয় পর্যটন নীতিমালা, ২০১০-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। নীতিমালার বৈশিষ্ট্য হচ্ছে, পর্যটকদের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী রাখতে হবে। রাষ্ট্রীয় সব উন্নয়ন কৌশল নীতি কর্মসূচিতে পর্যটনশিল্প অন্তর্ভুক্ত করে রূপকল্প প্রণয়ন করতে হবে। প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক উন্নয়ন ব্যবস্থাপনা ও সংরক্ষণ এবং পর্যটনশিল্পে বেসরকারি খাতের বিকাশে সহায়তা করতে হবে। এ ছাড়া গতকালের বৈঠকে ক্যাডারবহির্ভূত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তা (শুল্ক, আবগারি ও ভ্যাট) নিয়োগ ও কর্মের শর্তাবলি আইন, ২০০০ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।