চ্যানেল আইয়ে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘মুকিম ব্রাদার্স’। মোস্তফা সরয়ার ফারুকীর গল্প থেকে চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করেছেন আশফাক নিপুণ। নাটকে অভিনয় করছেন মুসাফির সৈয়দ। কথা হলো তাঁর সঙ্গে। ‘মুকিম ব্রাদার্স’ নাটকে কাজের অভিজ্ঞতার কথা বলুন।নাটকে আমাকে কখনো কার্টুন ছবি টম অ্যান্ড জেরির টম আবার কখনো জেরি মনে হবে। তাই নাটকটির প্রচার শুরু হওয়ার পর ছোটরা আমাকে খুব পছন্দ করছে। তবে বড়রাও যে নাটকটি দেখছেন, এটা বাইরে বের হলেই বোঝা যায়। এবারই আমি প্রথম বড় ধারাবাহিকে কাজ করেছি। এর আগে অনেক নাটক করেছি। কিন্তু এবারের অভিজ্ঞতা একেবারে অন্য রকম। নাটকে বিয়ে করে বউ রেখে পালিয়ে যাই। বড় ভাইয়ের জন্য এক মাস বাসায় ফিরতে পারিনি। তবে আজকের পর্বে নানা কৌশল করে বাসায় ফিরব। আজ ক্ষমতার পালাবদল হবে।নাটকের শুটিংয়ে মজার কোনো ঘটনা ঘটেছে?পরিচালকের কড়া নির্দেশ, সেটে কেউ হাই তুলতে পারবে না। যে হাই তুলবে, তাকে প্রতিবার দুই গ্লাস করে পানি খেতে হবে। এ জন্য আমাদের হাই না দেওয়ার একটা জোর চেষ্টা থাকে। কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। তাই এখন আমাদের সবারই পানি খাওয়ার পরিমাণ বেড়ে গেছে।ঈদের জন্য কী কাজ করছেন?এবার ঈদে আমার অভিনীত দুটি নাটক দেখানো হবে—ইশতিয়াক রুমেলের মোটরযান ও আশফাক নিপুণের লাভার ইন ম্যানভিল। দুটি নাটকেই আমার সহশিল্পী তিশা। আর দুটি নাটকের গল্পেই প্রেমিকাকে পাওয়ার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়। তবে এর মধ্যে কিছু চমকও রয়েছে।পরিচালনা করার ইচ্ছা আছে?যেহেতু ছবিয়ালের সঙ্গে যুক্ত হয়েছি, তাই পরিচালনা করার একটা ইচ্ছা তো আছেই। হয়তো খুব শিগগির করব। তবে পরিচালনার পাশাপাশি অভিনয় তো করবই।