আমাকে কম কথা বলতে বলা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আমি কথা বলব না। আমাকে কম কথা বলতে বলা হয়েছে।’আজ বৃহস্পতিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করতে গেলে অর্থমন্ত্রী এসব কথা বলে এড়িয়ে যান। সেখানে বিডি ভেনচার লিমিটেডের উদ্বোধন করেন তিনি।হলমার্ক গ্রুপের সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনা কেন্দ্র করে অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে গতকাল বুধবার সংসদে বক্তব্য দেন সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। সেখানে তিনি মন্ত্রীকে কথা কম বলার অনুরোধ জানান।অর্থমন্ত্রীর সমালোচনা করে শেখ সেলিম বলেন, ‘অর্থমন্ত্রীর কথাবার্তায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। উনার বয়স হয়েছে, বুঝি। উনার কথা কম বলা ভালো। এত বড় ঘটনা, উনার কাছে চার হাজার কোটি টাকা বড় ব্যাপার না। কিন্তু মানুষের কাছে বড় ব্যাপার। এক টাকা হোক, ১০ টাকা হোক, যে টাকা লুট হবে, তার বিচার করতে হবে। আমি অর্থমন্ত্রীকে অনুরোধ করছি, তিনি যেন এ ধরনের কথাবার্তা না বলেন। তাঁর জন্য সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।’গত মঙ্গলবার এক গোলটেবিল অনুষ্ঠানে সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি নিয়ে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘ব্যাংকিং খাতে আমরা ৪০ হাজার কোটি টাকা ঋণ দিই। এর মধ্যে মাত্র তিন বা চার হাজার কোটি টাকা নিয়ে ঝামেলা হয়েছে। এটা কোনো বড় অঙ্কের অর্থ নয়। এ নিয়ে হইচই করারও কিছু নেই।’এ বিষয়ে গতকালও জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, আমি এখনো একই কথা বলছি।’হলমার্ক বিষয়ে গণমাধ্যমের প্রচারণা সম্পর্কে তিনি বলেন, ‘এমনভাবে লেখা হচ্ছে, যেন ব্যাংকিং সেক্টরে ধস নেমেছে। আসলে কিছুই না।’