আমাকে কেউ কারাগারে নিতে পারবে না
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমাকে কেউ কারাগারে নিতে পারবে না। কারোর ক্ষমতা নেই আমাকে বন্দী করে রাখার। যারা বলে, আমি জেলে যাওয়ার ভয়ে মহাজোট ছাড়তে পারছি না, তারা ভুল বলেছে। আমি জেলে যেতে ভয় পাই না। সময় হলেই মহাজোট থেকে বেরিয়ে যাব।’ আজ বৃহস্পতিবার সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এরশাদ এসব কথা বলেন। রাজধানীর গুলশানে ইমানুয়েলস কনভেনশন সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।রংপুর সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে এরশাদ বলেন, ‘এ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছিল। তাই আমার দলের পক্ষ থেকে কাউকে সমর্থন দেওয়া হয়নি। নির্বাচনে যে জিতবে, তার জন্যই আমার দোয়া থাকবে।’ এরশাদ বলেন, ‘আমি ১৯৯০ সালে ক্ষমতা ছেড়েছি। তখন দেশে একটি বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছিল। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হোক, জনগণ অনিরাপদ বোধ করুক, এমনটা আমি চাইনি। আমি ক্ষমতা ছেড়েছিলাম বলেই গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত আছে।’ জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, মানুষ এখন মনে করে জাতীয় পার্টি দেশের জন্য, তাদের কিছু করতে পারবে। তিনি বলেন, জাতীয় পার্টি একক রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে যাবে। তবে পরিস্থিতি বুঝিয়ে দেবে দলকে কোন পথে চলতে হবে।আজকের আলোচনা সভায় এরশাদ পদ্মা সেতু, শেয়ারবাজারসহ সরকারের বিভিন্ন ব্যর্থতার দিক তুলে ধরেন। আজ ঐতিহাসিক ৬ ডিসেম্বর। ১৯৯০ সালের এই দিনে তীব্র আন্দোলনের মুখে তত্কালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন। এর মধ্য দিয়ে এরশাদের নয় বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। ১৯৮২ সালের ২৪ মার্চ তত্কালীন সেনাপ্রধান এরশাদ সামরিক আইন জারি করে ক্ষমতা দখল করেন। ৬ ডিসেম্বর দিনটি জাতীয় পার্টি ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে পালন করে।