আমাকে জোর করে উচ্ছেদ করা হয়েছে: খালেদা
বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, ‘তারা মিথ্যা কথা বলছে। তারা বলছে আমি ইচ্ছে করে বাড়ি ছেড়ে দিয়েছি। কিন্তু তারা আমাকে জোর করেই বের করে দিয়েছে।’আজ শনিবার সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি এ কথা বলেন।খালেদা জিয়া বলেন, ‘বাড়ি থেকে উচ্ছেদ করতে গিয়ে আমার সঙ্গে যে অপমানজনক আচরণ করা হয়েছে তাতে আমি অপমানিত, লাঞ্ছিত ও লজ্জিত বোধ করছি। আমি বিরোধীদলীয় নেত্রী, দেশের সাবেক প্রধানমন্ত্রী। আমার সঙ্গে এ ধরনের আচরণ করতে পারলে সাধারণ মানুষের কী অবস্থা তা সহজেই অনুমেয়। আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমতো জোর করে আমাকে আনা হয়েছে। সে সময় একজন বলেছেন, প্রয়োজন হলে কোলে করে নিয়ে আসো। ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন।’খালেদা জিয়া আরও বলেন, বাড়িটি নিয়ে সরকার অহেতুক বিতর্ক সৃষ্টি করেছে। আমি আদালতে গিয়েছি। বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় নজিরবিহীনভাবে আমাকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। এতে মহামান্য আদালতের সম্মান, ভাবমূর্তি ও অভিপ্রায়কেই পদদলিত করা হলো।’