আমাকে সন্দেহ করবেন না, আমাকে সঙ্গে রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থেই মহাজোটকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। মহাজোটকে সফল করতে হবে। এ সরকারকে সফল করতে জাতীয় পার্টি সব সময় আছে।প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘এ সরকার ব্যর্থ হলে আমিই প্রথম লোক, যাঁকে জেলে যেতে হবে, ফাঁসিতে ঝুলতে হবে। তাই আমাকে সন্দেহ করবেন না, আমাকে সঙ্গে রাখুন। কারণ দেশের স্বার্থেই মহাজোট সরকারকে এগিয়ে নিয়ে যেতে হবে। না হলে দেশ অন্ধকারে তলিয়ে যাবে।আজ মঙ্গলবার দুপুরে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে এরশাদের বাজেট বক্তৃতার সময় মহাজোটের সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে অভিনন্দিত করেন। এরশাদ তাঁর শাসনামলে নূর হোসেন হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বলেন,‘আমার সময় নূর হোসেন মারা গেছেন। কে তাঁকে হত্যা করেছে, আমি জানি না। তবে তাঁর জন্য একটি চত্বর করা হয়েছে। সেখানে ফুল দেওয়া হয়। কিন্তু গাইবান্ধায় যে সারের জন্য ১৮ জন কৃষক মারা গেছেন, তাঁদের কথা কেউ বলেন না। কারণ আমরা মফিজ, আমাদের জীবনের কোনো মূল্য নেই।’রোববারের হরতালের সমালোচনা করে এইচ এম এরশাদ বলেন, সাড়ে তিন বছর পর অর্থনীতি ধ্বংসকারী হরতাল আবার ফিরে এল। তিনি বলেন, হরতাল সাংবিধানিক অধিকার। কিন্তু গাড়ি পোড়ানো, সরকারি কর্মকর্তাকে মারধর করাও কি গণতান্ত্রিক অধিকার?