আমাকে স্বৈরাচার বলবেন না, মনে ব্যথা পাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ তাঁকে স্বৈরাচার না বলতে সাংসদদের কাছে আবেদন করেছেন। তিনি বলেন, ‘আমি আবেদন করি, ভাইরা, আমাকে স্বৈরাচার বলবেন না। মনে ব্যথা পাই, মনে দুঃখ পাই। আমি সব সময়ই সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছি। তার পরও আমাকে যদি স্বৈরাচার বলেন, তাহলে কেমন লাগে।’জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার বাজেট আলোচনায় অংশ নিয়ে সাবেক সেনাশাসক এরশাদ এ মিনতি করেন। তখন অনেক সদস্য একযোগে টেবিল চাপড়িয়ে বলতে থাকেন, ‘আর বলব না, আর বলব না।’পরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল জলিল বলেন, ‘আমরা তাঁকে দুঃখ দিতে চাই না। বাস্তব কথাটা বলতে চাই, আমরা সেদিন কার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, তাঁকে তা বুঝতে হবে।’ তিনি বলেন, ‘আমরা সহযাত্রী, তিনি দুঃখ পান, আমরা তাঁকে স্বৈরাচার বলব না।’১৯৮২ সালের ২৪ মার্চ এক রক্তপাতহীন সেনা-অভ্যুত্থানে এরশাদ বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করেন। ১৯৯০ সালে গণ-আন্দোলনের মুখে তাঁর সরকারের পতন হয়। তাঁর দল জাতীয় পার্টির বর্তমান মহাজোট সরকারের শরিক।গতকাল সংসদে এরশাদ বলেন, তিনি সামরিক প্রশাসক ছিলেন। কিন্তু শেষ করেছেন গণতান্ত্রিক ধারায়, নির্বাচন দিয়ে। তিনি ১০ নভেম্বরকে গণতন্ত্র দিবস পালন করার জন্য সবার প্রতি আহ্বান। তিনি বলেন, ‘আমি দুবার জেল থেকে পাঁচ পাঁচটি আসনে জয়ী হয়েছি। আমি স্বৈরাচার হলে কি জয়ী হতাম?’ক্ষমতা ছাড়ার পর এরশাদ কারাজীবনের কথা তুলে ধরে বলেন, ‘কিছুই ছিল না। ছয় বছর জেল খেটেছি, দুই বছর নির্জন কারাবাস করেছি। আমাকে পিজি হাসপাতালে নেওয়া হয়নি। ভারত, সিঙ্গাপুর যেতে চাইনি। রোজার সময় ১২ দিন চলে গেছে, নামাজ পড়তে পারিনি।’এরশাদ প্রস্তাবিত বাজেট সুন্দর হয়েছে বলে উল্লেখ করে বলেন, এই সময় আন্দোলন, হরতাল হবে। অশনিসংকেত আসছে। এর মধ্যেই বাজেট বাস্তবায়ন করতে হবে, না হলে প্রবৃদ্ধি, কর্মসংস্থান হবে না।সংবিধান থেকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তুলে দেওয়ায় সরকার ও সাংসদদের ধন্যবাদ জানান এরশাদ। তিনি বলেন, ‘এই সংসদ আমাদের কপাল থেকে কলঙ্কের তিলক মুছে দিয়েছে। আমরা সৎ নই। আমাদের বিশ্বাস করা যাবে না। পঞ্চদশ সংশোধনী করে আমাদের এই কলঙ্কের তিলক মুছে দিয়েছে। এ জন্য সবাইকে অভিনন্দন জানাই।’পুঁজিবাজারের কারণে এক কোটি ভোট নষ্ট: এরশাদ বলেন, যারা পুঁজিবাজার ধ্বংস করে দিয়েছে, তাদের নাম সংবাদপত্রে এসেছে, ব্যবস্থা নেওয়া হয়নি। পুঁজিবাজারের কারণে সরকারের এক কোটি ভোট নষ্ট হয়েছে। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বলেন, খেলোয়াড়রা আবার নেমেছে। বাজার পড়ে। আবার বলেন, দুষ্টু বাজার। আবার বাজার পড়ে। তিনি স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার প্রস্তাব দেন। মালিকানা ও ব্রোকারেজকে পৃথক করতে ডিমিউচুয়ালাইজেশন করার প্রস্তাব দেন। এরশাদ বলেন, বিদ্যুৎ ও শেয়ারবাজার সরকারের ‘মাইনাস পয়েন্ট’।‘মা’ হয়ে সন্তানদের বাঁচান: এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন ‘মা’ বলে উল্লেখ করে খাদ্যে ভেজাল প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ‘মা হয়ে আপনি সন্তানদের বাঁচান। খাদ্যে বিষ দিলে মৃত্যুদণ্ড, বঙ্গবন্ধুর ওই আইন বলবৎ করুন।’ তিনি মাদকদ্রব্য ফেনসিডিল ও ইয়াবার ব্যাপকতাকে মহামারি আখ্যা দেন।রোহিঙ্গাদের মানা যাবে না: এরশাদ বলেন, রোহিঙ্গাদের কিছুতেই মানা যাবে না। সরকারের এ নীতিকে তিনি সমর্থন করেন। তিনি রোহিঙ্গা আসায় দেশে কী ক্ষতি হয়েছে, তা তুলে ধরেন। তিনি বলেন, জাতিসংঘকে বলতে হবে, মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করেন, যেন তারা মানবাধিকার লঙ্ঘন না করে। বাংলাদেশের ওপর চাপিয়ে দেবেন না। বাংলাদেশ ছোট্ট দেশ, তার ক্ষমতা নেই।