আমাকে হত্যার জন্য খুনিরা জয়পুরের পথে: রুশদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তাজনিত কারণে বিতর্কিত লেখক সালমান রুশদি ভারতের জয়পুর সাহিত্য উত্সবে যোগ দিচ্ছেন না।আজ শুক্রবার সাহিত্য উত্সবের আয়োজকেরা জানিয়েছেন, কিছু মুসলিম গোষ্ঠী সালমান রুশদির সাহিত্য উত্সবে যোগ দেওয়ার বিরোধিতা করে আসছিল। ওই লেখক যাতে ভারতে ঢুকতে না পারেন সে ব্যাপারেও তারা তত্পরতা চালায়। এ কারণেই সালমান রুশদি উত্সবে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মুম্বাই ও রাজস্থানের পুলিশের কাছ থেকে রুশদি গোপন সংবাদ পেয়েছেন, ভারতে ঢুকলেই গুপ্তঘাতকেরা তাঁকে হত্যা করতে পারে।সালমান রুশদি বলেছেন, ‘আমি আশা করেছিলাম জয়পুর সাহিত্য উত্সবের কর্তৃপক্ষ নিশ্চয়ই আমাদের নিরাপত্তার যথোপযুক্ত ব্যবস্থা করবেন। কিন্তু এখন আমার কাছে খবর এসেছে, মুম্বাই থেকে আন্ডারওয়ার্ল্ডের ভাড়াটে খুনিরা আমাকে হত্যার জন্য এখন জয়পুরের পথে। এই তথ্যের যথার্থতা নিয়ে এ মুহূর্তে আমি যদি সন্দেহ পোষণ করি, তাহলে সেটা হবে দায়িত্বজ্ঞানহীন একটা কাজ। আর এ কারণেই আমি জয়পুর সাহিত্য উত্সবে যোগ দিচ্ছি না।’জয়পুর সাহিত্য উত্সব এশিয়ার মধ্যে সবচেয়ে বড় সাহিত্য উত্সব। আর পাঁচ দিনব্যাপী এ উত্সবের প্রথম দিনেই ৬৫ বছর বয়সী লেখক সালমান রুশদির বক্তৃতা দেওয়ার কথা ছিল।গত সপ্তাহে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার উপাচার্য ঘোষণা দিয়েছিলেন, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সালমান রুশদির ভারত সফর প্রতিহত করা হবে।তবে সরাসরি জয়পুর সাহিত্য উত্সবে উপস্থিত না থাকলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুকার পুরস্কারজয়ী সালমান রুশদি অংশগ্রহণ করবেন বলে আজ জানিয়েছেন উত্সবের পরিচালক উইলিয়াম দালরিম্পল। সালমান রুশদির স্যাটানিক ভার্সেস উপন্যাসটি প্রকাশের কারণে তাঁর ওপর ক্ষুব্ধ হন মুসলিমরা।