আমাগো কষ্টু দূর করার জন্যু কেউ আসে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা শুধু কষ্টুই কইরা যাইত্যাছি। আমাগো কষ্টু দূর করার জন্যু কেউ আসে না। অনেকে কুথা দিছে, তারাতারি রাস্তাডার উপুর ইট্যা বিছাব। তাও তো অনেক দিন হইয়া গেল। ইট্যা তো পড়ল না।’ ঘোলাগাড়ী সড়ক নিয়ে এভাবেই ক্ষোভের কথা জানান সাইফুল ইসলাম। তাঁর বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঘোলাগাড়ী গ্রামে। শুধু তিনিই নন, একইভাবে সড়কটি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আরও অনেকে।উপজেলা শহর থেকে মাত্র ছয় কিলোমিটার পশ্চিমে মির্জাপুর ইউনিয়নে পড়েছে সড়কটি। শত শত গর্তে ভরা সড়কটিতে তাই চলতে গিয়ে ঘোলাগাড়ীসহ আশপাশের গ্রামের মানুষের ভোগান্তির শেষ নেই। বর্ষায় লোকজনকে হাঁটু পর্যন্ত কাদা মাড়িয়ে সড়ক দিয়ে চলাচল করতে হয়। দীর্ঘদিন ধরেই গ্রামবাসীকে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।ঘোলাগাড়ী গ্রামের মো. ফরহাদ হোসেন জানান, তাঁদের গ্রামে ঢুকতে সড়কটির ওপর দিয়েই যাতায়াত করতে হয়। কিন্তু ছোট-বড় গর্ত এবং ট্রাক চলাচল করায় সৃষ্ট গর্তে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। তাঁরা স্থানীয় জনপ্রতিনিধির কাছে আবেদন জানিয়েও কোনো উপকার পাননি।গ্রামের গৃহিণী আসমা বেগম জানান, বর্ষায় এ রাস্তা দিয়ে প্রসূতি মায়েদের উপজেলা হাসপাতালে নিতে খুবই কষ্ট হয়। এতে প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। আবার অনেক সময় হাসপাতালেও নেওয়া সম্ভব হয় না। গ্রামেই অস্বাস্থ্যকর পরিবেশে সন্তান প্রসব করাতে হয়।কৃষক আশরাফ আলী ও হাফিজার রহমান জানান, সড়কটি দিয়ে ঘোলাগাড়ীসহ পার্শ্ববর্তী রাজবাড়ী, বীরগ্রাম, ভাদাস, সংকরহাটা, খাসপাড়া ও বাগমারা গ্রামের কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নিতে হয়। কিন্তু রাস্তাটির দুরবস্থায় সময়মতো ফসল বাজারে তুলতে পারে না তাঁরা। এতে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকেও তাঁরা বঞ্চিত হচ্ছেন।স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. বদিউজ্জামান জানান, সড়কটির কমপক্ষে ছয়টি স্থানে ইট বিছাতে হবে। তিনি নিজে এ ব্যাপারে চেষ্টাও করেছিলেন। কিন্তু অতগুলো জায়গায় ইট দিতে না পারায় তা লোকজনের কোনো উপকারে আসেনি।মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, সড়কটিতে ইট বিছাতে যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা বরাদ্দ না থাকায় সম্ভব হয়ে উঠছে না। তিনিও ইট বিছানোর জন্য স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে দাবি জানান।উপজেলা প্রকৌশলী মো. শামছুজ্জামান জানান, চলতি অর্থবছরে সড়কটির সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।