আমাজনে রাবার চাষে ক্ষতিগ্রস্তদের কাছে কলম্বিয়ার ক্ষমা প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১০০ বছর আগে আমাজন বনভূমিতে রাবার চাষের কারণে সেখানকার আদিবাসীরা যে হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলার সম্মুখীন হয়েছিল, সে কারণে কলম্বিয়ার প্রেসিডেন্ট গতকাল শুক্রবার দুঃখ প্রকাশ করেছেন এবং ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়েছেন।কলম্বিয়ার সরকারের সহায়তায় একটি পেরুভিয়ান খামার ১৯১২ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের লা কোরেরা এলাকায় রাবার চাষ করে। এ সময় কমপক্ষে এক লাখ মানুষকে হত্যা করা হয় এবং অনেক আদিবাসী গোষ্ঠীকে বনভূমি থেকে উচ্ছেদ করা হয়। বিবিসির খবরে আজ শনিবার বলা হয়, প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সন্তোষ ‘সব নিহত ব্যক্তি ও তাঁদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।’ তিনি ‘কোম্পানি ও সরকারের পক্ষ থেকে’ ক্ষমা চান।সন্তোষ বলেন, ‘সমাজের অপরিহার্য অংশ হিসেবে বহুজাতি ও বহুসংস্কৃতির ব্যাপারটি টিকিয়ে রাখতে প্রত্যেক আদিবাসী ব্যক্তি ও তাঁর সংস্কৃতি রক্ষার গুরুত্ব আজ আমরা অনুধাবন করতে পারি। সে সময়ের তথাকথিত প্রগতিশীলতার ধ্বজাধারী সরকার এটি বুঝত না।’নির্যাতন ও অঙ্গহানিআমাজনে রাবার ব্যবসায়ীদের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রথম প্রকাশিত হয় ১৯১২ সালে ব্রিটিশ কূটনীতিক রজার কেসমেন্টের নথিতে। জানা যায়, ওই সময় চাষি ও শ্রমিকদের জোর করে চাষের কাজে লাগানো হতো, দাস হিসেবে ব্যবহার করা হতো; তাঁরা নির্যাতনের শিকার হতেন এবং তাঁদের অঙ্গহানি করা হতো।লাতিন আমেরিকায় স্পেনীয় উপনিবেশ পত্তনের বার্ষিকী পালনের দিনে প্রেসিডেন্ট এই ক্ষমা প্রার্থনা করলেন। ১৪৯২ সালের ১২ অক্টোবর ক্রিস্টোফার কলম্বাস লাতিন আমেরিকায় পা রাখেন। সেই থেকে স্থানীয় লোকেরা দিনটিকে ‘দৌড়ের দিন’ হিসেবে পালন করে আসছে।প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে নয়জন বিশিষ্ট আদিবাসীর কথা উল্লেখ করেন। তাঁরা পেরুর ব্যবসায়ী ও রাজনীতিবিদ হুলিও সেজারের নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন। সন্তোষ বলেন, ‘আপনাদের জীবনে এবং জাতির স্মৃতিতে যা আজও ক্ষত হয়ে যন্ত্রণা তৈরি করছে, তার উপশম হওয়া উচিত।’ তিনি ঘোষণা করেন, এমন বর্বরতা আর কখনো হবে না।