আমাদের অভিযোগের প্রতিফলন টিআইবির প্রতিবেদনে
সাংসদদের নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন সরকারি দলের সাংসদদের বেলায় প্রযোজ্য বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তাঁর মতে, বিরোধীদলীয় সাংসদদের প্রশাসনে প্রভাব বিস্তারের সুযোগ নেই। আজ সোমবার বিকেলে ‘নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামী জাতীয় নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। বাংলাদেশ অগ্নিসেনা সংসদ নামের একটি সংগঠন জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে। মওদুদ আহমদ বলেন, ‘আমরা এত দিন ধরে সরকারদলীয় সাংসদ ও মন্ত্রীদের বিরুদ্ধে যেসব অভিযোগ করে আসছিলাম, তারই প্রতিফলন ঘটেছে টিআইবির প্রতিবেদনে।’মওদুদ আহমদ বলেন, ‘বিরোধী দলের সাংসদেরা এমনিতে সংখ্যায় কম এবং তাঁরা প্রশাসনে বা কোথাও প্রভাব বিস্তার করতে পারেন না, এটা জনগণ জানে।’ তিনি বলেন, ‘আমি একজন সংসদ সদস্য, আমি কিছু বললে প্রশাসন সেটা শুনবে না। টিআইবির প্রতিবেদন সরকারি সাংসদদের বেলায় প্রযোজ্য। এর উত্তর সরকারদলীয় সাংসদদের দিতে হবে।’পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি তদন্তে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের বাংলাদেশে আসার ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘এমনিতেই ইজ্জত-সম্মান সব চলে গেছে। বিশ্বব্যাংকের প্রতিনিধিদল যখন দেখবে দুদক সরকারের এজেন্ট হিসেবে কাজ করছে, তখন তারা হতাশ হবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।প্রসঙ্গত, দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান টিআইবি এক গবেষণা প্রতিবেদনে জানায়, জাতীয় সংসদের ১৪৯ জন সাংসদের ৯৭ শতাংশ নেতিবাচক কাজের সঙ্গে জড়িত। এই সাংসদেরা নিজের পদকে টাকা আয়ের উত্স হিসেবে ব্যবহার করেন। তবে প্রতিবেদনে ওই ১৪৯ জন সাংসদের নাম উল্লেখ করা হয়নি। ১৪৯ জনের মধ্যে সরকারি ও বিরোধী দলের সাংসদ রয়েছেন। এই সাংসদদের কারও বক্তব্যও প্রতিবেদনের জন্য নেওয়া হয়নি। রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল রোববার টিআইবি ওই প্রতিবেদন প্রকাশ করে।প্রতিবেদন অনুযায়ী, সাংসদদের নেতিবাচক কাজের মধ্যে রয়েছে—প্রশাসনিক কাজে প্রভাব বিস্তার; শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ; উন্নয়ন বরাদ্দের অপব্যবহার; হত্যা, দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, প্রতারণা; সরকারি কেনাকাটায় প্রভাব বিস্তার, নির্বাচনী আইন লঙ্ঘন করা, মিথ্যা তথ্য দিয়ে প্লট বরাদ্দ পাওয়া প্রভৃতি।