কিছুদিন আগে প্রকাশিত নারীমঞ্চের ‘না বলা কিছু কথা’র প্রতিটি কথাই আমাকে নাড়া দিয়েছে। আমি একজন কর্মজীবী মা বলে বুঝি, একজন কর্মজীবী মা কীভাবে কত কষ্টে তাঁর সন্তানকে মানুষ করেন। একদিকে তাঁর কর্ম সঠিকভাবে পালন করা, অন্যদিকে সন্তানকে মানুষ করার চিন্তা। যদি সন্তানটি হয় কন্যাসন্তান, তবে সেই চিন্তার সঙ্গে যোগ হয় দুশ্চিন্তা। অথচ সন্তানটির এদিক-সেদিক হলে কর্মজীবী মায়ের কাজ করাকেই দোষ দেওয়া হয়। যে মায়ের ভূমিকা পারিবারিকভাবে এবং অর্থনৈতিকভাবে রয়েছে, সেই মাকেই দুকথা শুনিয়ে দিতে কুণ্ঠা বোধ করেন না। হায় রে সমাজব্যবস্থা!আমি ভাবছি রুমানার মতো আমাদের রাজকন্যাদের কথা, যিনি জ্ঞানে বিজ্ঞে অর্থে সম্মানে স্বয়ংসম্পূর্ণ।একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও আমাদের নারীরা আজ কত অসহায় এই লোক দেখানো সমাজের কাছে। সমাজের কাছে নন্দিত বা কথিত ভালো থাকার জন্য একটা প্রতারক, ভণ্ড, কাপুরুষকে স্বামী হিসেবে মেনে নিয়ে সংসার নামক শৃঙ্খলের বেড়াজালে বন্দী থেকেছেন বছরের পর বছর। হায় রে সংসার! হায় রে সমাজ! এই সমাজ ঠিক রাখার সব দায়বদ্ধতা যেন আমাদের নারীদের ওপরই। ভেতরে ভেতরে জ্বলেপুড়ে ছাই হওয়া, আর ওপরে ভালো থাকার অভিনয় করা।অবাক হয়েছি, যখন দেখেছি রুমানার খবর পত্রিকায় ছাপা হওয়ার পর কিছু পুরুষ না জেনে বিজ্ঞের মতো রুমানার চরিত্র হননের চেষ্টা করেছেন। শুধু রুমানা নয়, এ জাতীয় যেকোনো ঘটনায় নারীদের দোষী করা হয়। আমাদের পুরুষ সমাজ কবে যে তাদের চিন্তা-চেতনার পরিবর্তন ঘটাবে, জানি না। তাঁরা কোথায় থাকেন, যখন পুরুষেরা মেয়েদের জোরপূর্বক আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেইল করেন বা জোরপূর্বক ছোট্ট শিশু বা কিশোরী মেয়েটিকে লাঞ্ছিত করেন। তাঁদের প্রতি শ্রদ্ধা রেখেই লিখছি, তাঁরা কেন ভুলে যান তাঁদের মা-ও একজন মহিলা, তাঁর কন্যাসন্তানটিও একজন মেয়ে। তাই মা জাতিটাকে শ্রদ্ধা করা উচিত। তবে নিশ্চয়ই সব পুরুষ এক নয়।আর আমাদের রাজকন্যাদের বলছি, মা হচ্ছে সবচেয়ে প্রিয় বন্ধু, আসল নির্ভরতার স্থান। তাই মায়ের সঙ্গে বন্ধুত্ব গড়ো এবং কোনো দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কিংবা বুঝতে পারলে আগেই মা-বাবাকে সব খুলে বলো।তাহলে তোমরা সঠিক দিকনির্দেশনা পাবে এবং সমূহ দুর্ঘটনা থেকে রেহাই পাবে। তোমরা কন্যাসন্তান বলে অসহায়, ভীত নও। তোমরা মানুষ। মর্যাদা নিয়ে বাঁচার জন্য লড়াই করো অসুন্দরের বিরুদ্ধে।আমি কী ভাবছি, কী ভাবব আর কীভাবেই বা ভাবব—সবকিছুই আমার কাছে মাঝেমধ্যে অস্বচ্ছ ও অসহ্য যন্ত্রণাময় মনে হয়। পত্রিকার পাতা খুললেই দেখি আমাদের রাজকন্যারা প্রতিনিয়ত লাঞ্ছিত, নির্যাতিত হচ্ছে নানাভাবে। নির্যাতনের প্রতিবাদ করলে মারধরও খেতে হচ্ছে। বস্তি থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত।শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কারোরই রেহাই নেই। স্বাধীন দেশের মানুষ হয়েও কত পরাধীন আমরা। কিন্তু এ পরাধীনতা, এ অসহায়ত্ব কাদের কাছে? আমাদের রাজপুত্রদের কাছে।যারা আমাদের বাবা, ভাই কিংবা পুত্রসন্তান। কন্যাসন্তান যদি আমাদের রাজকন্যা হয়ে থাকে, তবে তোমরাও আমাদের রাজপুত্র। তোমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো। শ্রদ্ধা ও ভালোবাসতে শেখো মা-জাতিকে। নিজেদের নৈতিকতার পরিবর্তন না হলে, নিজেকে না বদলালে রাষ্ট্রের পক্ষে কখনোই সম্ভব নয় পরিবর্তন ঘটানো। তাই বলি, চলো বদলে যাই, একটা বাসযোগ্য ভালোবাসাময় দেশ গড়ি।পান্নাপ্রভাষক, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ