আমাদের অস্তিত্বের জন্য পার্বত্য চুক্তি বাস্তবায়ন দরকার: সন্তু লারমা
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, ‘মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই উন্নয়নের মূল শর্ত। পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হলে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। সেখানে উন্নয়নের বিষয়টা গৌণ।’গতকাল শনিবার আদিবাসী উন্নয়ন কেন্দ্র ও মালেইয়া ফাউন্ডেশন আয়োজিত ‘পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড: উন্নয়ন কার্যক্রম পরিচালনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন মালেইয়া ফাউন্ডেশনের চেয়ারপারসন রাজা দেবাশীষ রায়।সন্তু লারমা অভিযোগ করেন, দেশের শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামকে উপনিবেশ হিসেবে দেখে। পার্বত্য চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বিশেষ শাসনব্যবস্থায় প্রশাসন পরিচালিত হওয়ার কথা থাকলেও চালানো হচ্ছে সেনা শাসন ‘অপারেশন উত্তরণ’। আর ডেপুটি কমিশনাররা ঔপনিবেশিক কায়দায় প্রয়োগ করেন তাঁদের ক্ষমতা।সভাপতির বক্তব্যে রাজা দেবাশীষ রায় বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পার্বত্য জেলা পরিষদগুলো অবকাঠামোগত উন্নয়নের দিকে বেশি নজর দেয়। অথচ মানবসম্পদ উন্নয়ন, নারী উন্নয়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন বা প্রকল্প গ্রহণে কোনো বাধা নেই। এ ব্যাপারে পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক মং সানু চৌধুরী ও উন্নয়নকর্মী সেঁজুতি খীসা। প্রবন্ধে পার্বত্য জেলা পরিষদগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে মনোনীত চেয়ারম্যান ও সদস্য দিয়ে প্রশাসন পরিচালনা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পার্বত্য জেলা পরিষদগুলোতে প্রশাসনিক সমন্বয়হীনতা, সরকারি ক্রয় বিধিমালা না মেনে দরপত্র আহ্বান,পর্যাপ্ত ও দক্ষ জনবলের অভাব, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, পর্যাপ্ত বরাদ্দ না পাওয়া এবং দুর্নীতিকে উন্নয়নের মূল প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করা হয়েছে।সেমিনারে পার্বত্য জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ তিন পার্বত্য জেলার শতাধিক উন্নয়নকর্মী অংশ নেন।