ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিতে অংশ নিয়ে আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, ‘আমাদের আইনে বিচারবহির্ভূত শাস্তির কোনো সুযোগ নেই। আমাদের মধ্যে এ নিয়ে বিতর্ক যত কমানো যায় ততই ভালো।’ আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে শুনানিতে অংশ নিয়ে কামাল হোসেন বিভিন্ন মামলার নজির তুলে ধরে বলেন, ‘সংবিধান সর্বোচ্চ আইন। সংবিধান সব ক্ষমতা ও কর্তৃত্বের উত্স। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া না হলে নিরীহ ও গরিব মেয়েরা নির্যাতনের শিকার হতে থাকবে। আমাদের কি কোনো বিচারবহির্ভূত ক্ষমতা আছে? লেবাস পরে অসাংবিধানিক কোনো চর্চা করা যাবে না।’ ফতোয়া অবৈধ ঘোষণা করে ২০০১ সালে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি অব্যাহত আছে। আজ বুধবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ দ্বিতীয় দিনের মতো শুনানি গ্রহণ করেন। কাল বৃহস্পতিবার আবার শুনানি হবে।আপিলকারীর পক্ষে আইনজীবী মো. নজরুল ইসলাম বলেন, ‘ইসলামি আইনে ফতোয়ার অপরিহার্যতা রয়েছে। হাইকোর্টের রায়ে নির্ধারণ করা হয়নি, কী ফতোয়া দেওয়া যাবে আর কী ফতোয়া দেওয়া যাবে না।’ মুফতি ও কাজী আদালতের অবিচ্ছেদ্য অংশ বলেও তিনি মন্তব্য করেন। প্রসঙ্গত, ১০ বছর আগে হাইকোর্ট ফতোয়াবিরোধী রায় দিয়েছিলেন। ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফতোয়াকে অবৈধ ও আইনি কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ ওই বছরই আপিল দায়ের করেন।গত ১৪ ফেব্রুয়ারি এ বিষয়ে ১০ জন অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) টি এইচ খান, রফিক-উল হক, মাহমুদুল ইসলাম, এ এফ হাসান আরিফ, এ বি এম নূরুল ইসলাম, এম জহির, রাবেয়া ভূঁইয়া, এম আই ফারুকী, রোকন উদ্দিন মাহমুদ ও তানিয়া আমীরকে নিয়োগ দেওয়া হয়।