আমাদের আদর্শ যারা
ঢাকা বিশ্ববিদ্যালয় ১ জুলাই পা দিল ৯০ বছরে। এ শিক্ষাপ্রতিষ্ঠানেরই কিছু শিক্ষার্থীকে নিয়ে এবারের প্রতিবেদন। তাঁরা জানালেন তাঁদের আদর্শ মানুষের কথা। কাদের দেখে তাঁরা অনুপ্রাণিত হন, কাদের আদর্শে হতে চান আলোকিত।শারমীন সুলতানা। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে এমবিএ পড়ছেন। বাবার আদর্শে নিজেকে আলোকিত করতে চান। শারমীন সেই ছোটবেলায়ই হারিয়েছেন প্রিয় এই মানুষটিকে। অন্যদের কাছ থেকেই বাবার কাহিনি শুনে শুনে বড় হয়েছেন। মুগ্ধ হয়েছেন। ‘বাবা অনেক জ্ঞানী ছিলেন। সে সময়ে এত অপ্রতুলতার মধ্যেও তিনি অনেক কিছু জানতেন। এ যুগে এসে আমরা ভাইবোনেরা জ্ঞানের সে স্থানে এখনো পৌঁছাতে পারিনি।’ বলছিলেন শারমীন। বাগেরহাটের ফকিরহাট এলাকায় তাঁর শৈশব কেটেছে। নয় ভাইবোনের একজন তিনি। বাবা মারা যাওয়ার পর মা-ই কষ্ট করে বড় করেছেন সন্তানদের। শারমীনের পিতা হারুন-অর-রশীদ রাজনীতি করতেন। তাঁর চিন্তাশক্তি, দেশের প্রতি ভালোবাসা সব সময় অনুপ্রাণিত করে শারমীনকে।‘দেশের জন্য কিছু করার মানসিকতা, ভালোবাসার শক্তিটা বাবার কাছ থেকেই পেয়েছি।’ কণ্ঠে দৃঢ়তা।‘বাছুরটি দূরে দাঁড়িয়ে আছে। ক্ষুধার্ত করুণ চোখে মায়ের (গাভি) দিকে তাকিয়ে। দুধ দোয়াচ্ছেন যিনি তাঁর জন্য সাহস করছে না সামনে এগোতে। মায়ের কাছ থেকে দুধ খেতেও পারছে না। এ দৃশ্য মর্মাহত করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তিনি এর পর থেকে আর কোনো দিন দুধ খাননি। মহান এ মানুষটির চারিত্রিক গুণাবলি মুগ্ধ করেছে আমাকে।’ বলছিলেন শারমীন নাহার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানে স্নাতকে পড়ছেন। বিধবা বিবাহ প্রচলন, মানুষের সেবার জন্য নিজেকে উৎসর্গ করা, জাতিভেদ প্রথা দূর করার চেষ্টা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ‘তিনি থাকতে চাইতেন সাধারণ মাুনষের মতো, তাঁর আদর্শে অনুপ্রাণিত আমি। মানুষকে সব সময় সাহায্য করার চেষ্টা করি। সবাইকে শ্রদ্ধা করা এবং একইভাবে দেখার চেষ্টাটাও থাকে।’ জানান শারমীন। শারমীন নাহারের ভালো লাগে নতুন মানুষদের সঙ্গে মিশতে, বন্ধুত্ব করতে। ফারহানার আদর্শ হচ্ছেন তাঁর বাবা। পুরো নাম ফারহানা ইয়াসমিন। বাবার ইচ্ছা পূরণেই তিনি ভর্তি হয়েছেন চারুকলায় । ফারহানা জন্ম নেওয়ার পরপরই তাঁর নাড়িটি কেটে চারুকলার শুকনো পুকুরে পুঁতেছিলেন বাবা। মেয়ের জীবনে চারুকলার প্রভাব পড়ে সেই জন্মলগ্ন থেকেই। ফারহানা বর্তমানে চারুকলা বিভাগের স্নাতক শেষ বর্ষে পড়ছেন। ‘চারুকলায় ভর্তির আগেই বাবা মারা যান। তিনি ছিলেন মুক্তিযোদ্ধা। নাম এস এম আবদুল জব্বার। দেশকে ভালোবাসতেন। সংস্কৃতিমনা এ মানুষটি সবার প্রতি ছিলেন আন্তরিক। বিপদে মানুষের থাকার এবং খাবার ব্যবস্থা করে দিয়েছেন সব সময়। কখনোই কাউকে ফিরিয়ে দেননি।’ জানালেন ফারহানা। সমাজের পথপ্রদর্শকেরাই আদর্শ মানুষ হিসেবে বিবেচিত। তাঁদের আলোয় আলোকিত হয় চারদিক। এ রকমই একজন হলেন স্যার আবদুল্লাহ আবু সায়ীদ। তাঁরই আদর্শে নিজেকে গড়তে চান শর্মিষ্ঠা পণ্ডিত। পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ষষ্ঠ সেমিস্টারে। ‘জাতিকে শিক্ষিত করে তুলতে, সমাজসংস্কারে সবাইকে সচেতন করে তোলার ব্যাপারে তাঁর অবদান অসীম। তাঁর কথায়, তাঁর লেখায় অন্যের প্রতি নিজেকে বিলিয়ে দেওয়ার প্রেরণা খুঁজে পাই। তিনি বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশের মানুষকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার তাঁর যে চিন্তা, সেটা আমার ভালো লাগে।’ বক্তব্যটি শর্মিষ্ঠার। ১৫ বছর ধরে নাচ শিখছেন তিনি। দুই ভাইবোনের মধ্যে তিনি ছোট। বাড়ি ময়মনসিংহের ডি এন চক্রবর্তী এলাকায়।আর কয়েকটা ধাপ, তার পরেই তো স্বপ্ন পূরণ হবে। এর মধ্যে কোনো রকম বাধাই পারবে না লামিয়া তাবাস্সুমকে হতাশ করতে। বড় ভাই মো. আসাদুজ্জামানের কাছ থেকেই এ গুণটা পেয়েছেন। বড় ভাইয়ের সংগ্রাম করে যাওয়া জীবন তাকে আলোড়িত করেছে সব সময়। বড় ভাই-ই তাই তাঁর জীবনের আদর্শ। লামিয়া গবেষক হতে চান। তিনি বর্তমানে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে পড়ছেন। ছোটবেলা থেকে লামিয়া নাচ শিখছেন বুলবুল ললিতকলা একাডেমিতে। এখন তিনি বাচ্চাদের নাচ শেখান। ছোট ছোট পায়ের সঙ্গে তাল মিলিয়ে ঘণ্টাখানেক নাচলেই সব ক্লান্তি চলে যায়। বাবা, মা, ভাই-বোনের ছোট সংসার নিয়ে বর্তমানে থাকেন মিরপুরে।