আমাদের ঈদ আর ওদের ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসার কথা ছিল বেলা দুইটা ৪০ মিনিটে। সেই ট্রেন ছাড়ল ইফতারে একটু আগে, বিকাল পৌনে ছয়টায়। ছয় ঘণ্টা যাত্রাপথের তিন ঘণ্টা বেড়ে গেল যাত্রা শুরু হওয়ার আগে। গন্তব্যে পৌঁছালাম রাত সাড়ে ১২টায়। বাড়ি আসছি বলে অপেক্ষায় আছেন আমার বৃদ্ধা মা। এমনিতে তিনি রাত ১০টার মধ্যে ঘুমিয়ে পড়েন। সেদিন তাঁর চোখে ঘুম নেই। সন্তানকে না দেখে ঘুমাতে যেতে পারেন না। আমাকে সদর দরজায় দেখেই হেসে ফেললেন মা। বললেন, ‘তুই না থাকলে মনটা খাঁ খাঁ করে।’ মায়ের দিকে তাকিয়ে আমার যাত্রাপথের সব ক্লান্তি দূর হয়ে গেল। আমার কাছে ঈদ মানেই মায়ের হাসি।ছোটবেলায় আমাদের ঈদ শুরু হতো ঈদের চাঁদ দেখা থেকে। চাঁদ দেখতে পেলেই শুরু হতো সালাম পর্ব। আমাদের বয়সী গ্রামের প্রায় সব ছেলেমেয়েই বাড়ি বাড়ি গিয়ে মুরুব্বিদের সালাম করত। তাঁরা আশীর্বাদ করতেন। বোনেরা ঈদের আগের দিন সন্ধ্যায় দল বেঁধে হাতে মেহেদি লাগাতে বসত। টিউবের মেহেদির তখনো প্রচলন হয়নি। গাছ থেকে মেহেদিপাতা ছিঁড়ে শিল-পাটায় বেঁটে হাতে দেওয়া হতো।আমাদের গ্রামে ঈদ উপলক্ষে সাত দিনের মেলা বসে। ছোটবেলায় এ মেলার জন্য আমাদের অপেক্ষার শেষ ছিল না। ঈদের খুব সকালে আমরা ঘুম থেকে উঠতাম। তারপর গোসল করে যেতাম নামাজ পড়তে। নামাজে যাওয়ার আগে চোখে লাগানো হতো সুরমা, হাতে আতর। আমাদের কেউ কেউ বেশি সুবাস ছড়াতে তুলায় আতর ভিজিয়ে কানে গুঁজে রাখত। এসব ছোটবেলার কথা।এখন নামাজের আগে সকালের নাশতা হয় মিষ্টি আর পরোটা বা লুচি দিয়ে। যার ঘরে যা হয়। নামাজ পড়ে বাড়ি ফেরার পর এলাকার লোকজন একসঙ্গে বসে খিচুড়ি খাই। এটাকে এলাকার লোকজন বলেন ‘শিরনি খাওয়া’। গ্রামের সবার বাড়িতেই এ বস্তু রান্না হয়। সবাই গামলা ভরে খিচুড়ি নিয়ে আসেন মসজিদের কাছে। সেটা একসঙ্গে মিশিয়ে উপস্থিত সবার মধ্যে বিতরণ করা হয়। এই খিচুড়ি খাওয়া হলো মহাসুখের। দুপুর বা রাতে একজন আরেকজনের বাড়ি যাই। খাওয়া-দাওয়ার চেয়ে গল্পই চলে অনেক রাত পর্যন্ত। ঈদের মেলায় থাকে সারি সারি মিষ্টির দোকান। মাটির হাঁড়িতে সেই মিষ্টি কিনে নিয়ে লোকজন আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যান।আমি এখন আর এভাবে কোথাও বেড়াতে যাই না। কিন্তু তার পরও এসব আমাকে খুব টানে। এ মাটির সন্তান আমি। সবকিছুই আমার গায়ে লেগে আছে। কোনো কিছুই এড়াতে পারি না। জীবনে একবার আমি ঈদ করেছিলাম ঢাকায়। দেখলাম, নামাজ পড়ার পর কোলাকুলি করার মতো কোনো পরিচিত লোক পর্যন্ত নেই। একা একা ঈদগাহে গেলাম, একাই ফিরলাম। পথে মনে হলো, এতিম আমি। আমার কান্না পেয়েছিল। সেই থেকে প্রতিজ্ঞা, আর ঢাকায় নয়। তাই অনেক কষ্ট করেও ঈদ করতে গ্রামে ছুটে আসি।আমরা দুই ভাই ঢাকায় থাকি। বড় ভাই এবার আসেননি। তিনি ঢাকাতেই ঈদ করবেন। তাঁর ছেলেরা বড় হয়ে গেছে। গ্রামে এসে প্রতিবার ঈদ করার বিপক্ষে তারা। বড় ভাই অনেক বুঝিয়ে-শুনিয়ে কয়েকবার তাদের এনেছিলেন। কিন্তু আসার পর তারা যা শুরু করে, তাতে অন্যদের ঈদ মাটি হয়ে যায়। একজন সারা দিন ঘর থেকে বের হয় না। দিনরাত টিভি দেখে আর ভিডিও গেম খেলে পার করে। আরেকজন ফেসবুকে চ্যাট করে, মুঠোফোনে কথা বলে আর আইপ্যাডে গান শুনে কাটিয়ে দেয়। ঈদের দিন রাতেই ফিরে যায় ঢাকায়। তাদের বক্তব্য, এখানে তাদের কিছু করার নেই, বন্ধু নেই। বন্ধু ছাড়া ঈদ কাটানোর কোনো মানে হয় না। এ কারণে তারা ঘর থেকে বের হবে না। ঢাকায় থাকলে তাঁরা নামাজ পড়ার পর বন্ধুদের সঙ্গে বের হতে পারত। বেইলি রোডের দোকানের সিঁড়িতে বসে জমিয়ে আড্ডা দিত। এ থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের।অবশ্যই আমার বড় ভাইয়ের প্রাপ্তবয়স্ক দুই সন্তানের সব অভিযোগ যথাযথ। পিতৃপুরুষের গ্রাম বা এলাকার সঙ্গে তাদের কোনো যোগ তৈরি হয়নি। হয়তো সেভাবে এ যোগ তৈরি হওয়াটাও একটা অবাস্তব চিন্তা। কিন্তু আমরা যাঁরা এই অল্প কিছুদিন আগে ঢাকায় এসেছি, তাদের সঙ্গে পরবর্তী প্রজন্মের চিন্তার পার্থক্য ও ভাবনার দূরত্ব তৈরি হয়ে গেছে, বিশেষ করে উত্সব-আনন্দ উদযাপনে। আমরা মনে মনে চাই, আমাদের সন্তানেরা আমাদের মতো করে ভাবুক, আমাদের মতো করে আনন্দ করুক। কিন্তু তা তো আর হওয়ার নয়। আমরাই তো ওদের চেনাজানার পরিধি ও চিন্তার জগেক পাল্টে দিয়েছি। তার পরও আমাদের মন মানে না। তাই তো বড় ভাই ঈদের দিন ঘরের কোণে নিভৃতে চোখের পানি ফেলবেন—সেটা আমি রাজশাহী থেকেও টের পাচ্ছি।