আমাদের উচ্চাভিলাষ মানুষকে পেট ভরে খাবার দেওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় বিবেচনায় ২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেট দেওয়া হচ্ছে বলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তার কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাজেট তো আগামীকাল ঘোষণা হবে। অথচ সব তথ্যই উনি (খালেদা জিয়া) জেনে গেছেন আগেই। উনি বাজেটের সমালোচনা করে ফেললেন। বাজেটকে উনি বলছেন উচ্চাভিলাষী। প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যাঁ আমাদের উচ্চাভিলাষ এ দেশকে দারিদ্র্য মুক্ত করা, আমাদের উচ্চাভিলাষ এ দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দেওয়া, আমাদের উচ্চাভিলাষ এ দেশের মানুষকে পেট ভরে খাবার দেওয়া।’আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। কাল ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আগামী অর্থবছরের বাজেট ভাবনা তুলে ধরতে গিয়ে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছিলেন, দলীয় বিবেচনায় ২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেট দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে বাজেট বরাদ্দের পরিমাণ নির্ধারণ করা হচ্ছে।’