আমাদের ওপর অবিচার হয়েছে: চিটাগং কিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুরন্ত রাজশাহীর কাছে ঢাকা গ্ল্যাডিয়েটরস হেরে যাওয়ার পরপরই চিটাগং কিংস নিশ্চিত ছিল নিজেদের সেমিফাইনাল স্থান নিয়ে। কিন্তু গভীর রাতে তারা জানতে পারে চিটাগং কিংস নয়, সেমিতে খেলছে বরিশাল বার্নার্স। বিপিএলে চট্টগ্রামের বিভাগীয় ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংস পুরো ব্যাপারটিকেই তাদের প্রতি অবিচার ও প্রতিযোগিতার বাইলজ ও প্লেইং কন্ডিশনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে এ জন্য আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন।গতকাল গভীর রাতে বিসিবির টেকনিক্যাল কমিটি এক বৈঠক শেষে সিদ্ধান্ত নেয়, চিটাগং কিংস নয় বরিশাল বার্নার্সই আজ বিপিএলের সেমিতে খেলছে।এ ব্যাপারে চিটাগং কিংসের টিম ম্যানেজার নাসির আহমেদ জানান, বাইলজের ২১(৮) ধারায় বলা হয়েছে, যদি তিন বা ততোধিক দলের পয়েন্ট সমান হয়ে যায়, তাহলে সেই দলগুলোর মুখোমুখি ম্যাচে কে কয়টাতে জিতল, তার ওপরই সেমির স্পট নির্ধারিত হবে। গতকাল রাত পর্যন্ত জানি, ‘এই হিসেবে আমাদের অবস্থান চার নম্বরে, অর্থাত্ চিটাগং কিংস চতুর্থ দল হিসেবেই সেমিফাইনালে যাচ্ছে। কিন্তু রাত দুইটার দিকে খবর পাই বিসিবির টেকনিক্যাল কমিটি বরিশাল বার্নার্সকে সেমিফাইনালে তুলে দিয়েছে।’চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজি মালিক সামির কাদির চৌধুরী বলেন, ‘আমরা পুরোপুরি অন্ধকারে আছি। বাইলজ অনুযায়ী আমাদেরই সেমিফাইনালে খেলার কথা। টেকনিক্যাল কমিটির সভায় আমাদের ডাকল না কেন, সেটাও বুঝতে পারছি না। আইন সবার জন্য এক। কোনো বিশেষ দলকে সুবিধা করে দিতে প্রতিযোগিতার বাইলজে পরিবর্তন আনা হবে, এটা মেনে নেওয়া যায় না।’সামির কাদির চৌধুরী আরও বলেন, ‘পুরো প্রতিযোগিতায় আমার কাছেই তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব এসেছে। প্রতিবারই আমি স্ব স্ব কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে?’ তিনি আরও বলেন, ‘সেদিন চিটাগং কিংসই সেই পাকিস্তানি নাগরিককে পুলিশে ধরিয়ে দিয়েছে। বিসিবির এখানে কোনো ভূমিকাই নেই।’স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহের তীরে বিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদকে নিয়েও তাঁরা বিব্রতকর অবস্থানে রয়েছেন বলে জানান সামির। তিনি বলেন, এই ক্রিকেটারের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কীভাবে ওই পাকিস্তানির কাছে গেল, আমরা জানি না। তিনি বলেন, ‘সে এখনো হোটেলেই অবস্থান করছে, আমি জানি না তাকে নিয়ে কী করব।’সামির কাদির চৌধুরী বলেন, ‘বাইলজ লঙ্ঘন করে বরিশাল বার্নার্সকে সেমিতে তুলে দেওয়ার নাটকীয় সিদ্ধান্তের পেছনে জুয়ারি বা বাজিকরদের হাত নেই—এ কথা আমি বলতে পারছি না।’চিটাগং কিংসের প্রধান কোচ খালেদ মাহমুদ বলেন, ‘পরশু দিনই আমরা বুঝতে পারছিলাম না, কেন টিভি সম্প্রচারে বরিশাল সেমিতে চলে গেছে, এ কথা প্রচার করা হচ্ছে। আমরা জানতাম, বাইলজ অনুসারে ঢাকা গ্ল্যাডিয়েটরস ও রাজশাহীর ম্যাচে, ঢাকা হেরে গেলে আমাদের সুযোগ থাকছে। ঢাকা হেরে যাওয়ায় আমরা নাসু ভাইয়ের (নাসির আহমেদ) হোটেল রুমে সেলিব্রেটও করেছি।’খালেদ মাহমুদ বলেন, ‘কাল রাতে আমরা যখন বরিশালের সেমিতে চলে যাওয়ার কথা শুনলাম তখন বিপিএলের আয়োজকদের সঙ্গে কথা বলেছি। তারা একটা অদ্ভুত কথা বলেছেন।’ তাঁরা বলছিলেন, ‘তোমরা আগে আসনি কেন?’ এর চেয়ে অদ্ভুত কথা আর কী হতে পারে? আমরা কেন দুরন্ত রাজশাহী ও ঢাকা গ্ল্যাডিয়েটরসের ম্যাচের আগে এ বিষয় নিয়ে কথা বলব?’চিটাগং কিংসের কর্তারা বলেন, বাইলজে যা আছে তা যদি মানা না হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক ব্যাপার আর কী হতে পারে।তাঁরা বলেন, ‘এমন অনিয়মের পর বিপিএলের আয়োজক কমিটিতে যাঁরা আছেন, তাঁদের পদ আঁকড়ে ধরে রাখার নৈতিক অধিকার আছে কি না, সেটা আপনারাই বিচার করুন।’এদিকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এক প্রশ্নের জবাবে বলেন, কাল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন মিডিয়া সেন্টারে গিয়ে যা বলেছেন, তা অনানুষ্ঠানিক কথাবার্তা। কে সেমিফাইনালে খেলবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার টেকনিক্যাল কমিটিরই। চিটাগং কিংসের পক্ষ থেকে বাইলজ লঙ্ঘনের অভিযোগ খণ্ডন করে সিরাজউদ্দিন আলমগীর বলেন, ‘কোথাও বাইলজ লঙ্ঘন করা হয়নি।’চিটাগং কিংসের সংবাদ সম্মেলন চলাকালে সেখানে এসে একাত্মতা পোষণ করেন দুরন্ত রাজশাহীর ম্যানেজার ফারুক আহমেদ ও ঢাকা গ্ল্যাডিয়েটরসের শফিকুল হক। খুলনা রয়েল বেঙ্গলসের ম্যানেজার জাহিদ রাজ্জাকও সেখানে উপস্থিত ছিলেন।