আমাদের কর্মসূচিতে সরকারের মাথায় গোলমাল দেখা দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রথম দিকে শুরু করেছিলেন পিতা হত্যার বিচার, এখন যুদ্ধাপরাধের বিচার। এটি হচ্ছে তাঁদের প্রধান কাজ। এটি ছাড়া তাঁদের আর কিছু বলার নেই। কারণ তাঁরা জনগণকে কিছু দিতে পারেননি। তাই নির্বাচনের আগে জনগণের সামনে লিখিতভাবে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে সম্পর্কে আজ একটি কথাও নেই।আজ শনিবার বিকেলে ঢাকা মহানগর নাট্যমঞ্চে ১৮ দলীয় জোটের শরিক এলডিপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আমরা যখন দাবি আদায়ের জন্য ৯ ডিসেম্বর শান্তিপূর্ণ অবরোধের কর্মসূচি দিয়েছি। তখন সরকারের মাথায় গোলমাল দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিজয়ের এই মাসে বিএনপি কর্মসূচি দিয়েছে।’ প্রধানমন্ত্রীর বক্তব্য নাকচ করে দিয়ে ফখরুল বলেন, ‘তোমরা সব লুটপাট করে নিয়ে যাবে, হাজার হাজার কোটি টাকা পাচার করবে, মানুষকে খুন ও গুম করবে, আর বিএনপিসহ দেশপ্রেমিক শক্তিগুলো কোনো কর্মসূচি দিতে পারবে না, এ ধারণা ভুল।’ তিনি বলেন, বিএনপি কর্মসূচি দিয়েছে, জনগণের অধিকার, গণতন্ত্র দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য।আগামী দিনে আন্দোলন-সংগ্রামের উল্লেখ করে ফখরুল বলেন, ‘এখন আর কোনো ছাড় দেওয়া নয়, কোনো রকম পিছু হটার নয়। যত প্রতিকূলতাই থাকুক, জনগণের বিজয় অর্জনের লক্ষে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামকে কেউ যদি অন্য পথে নিয়ে যেতে চান, আমরা তা সহ্য করব না।’এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি অলি আহমেদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ১৮ দলীয় জোটের শীর্ষ নেতা মুহাম্মদ ইসহাক, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, শফিউল আলম প্রধান, শেখ শওকত হোসেন, জেবেল রহমান গাণি প্রমুখ।