দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে। বাবার চাকরি সূত্রে তখন ছিলাম মধুপুর গড় এলাকায়। সে সময় মধুপুর গড় এলাকাজুড়ে ছিল গহিন শালবন। বনের ভেতর জনবসতি বলতে শুধু গারো নৃগোষ্ঠীর কিছু গ্রাম। তারা বন পরিষ্কার করে ‘আলৈ ধান’ নামের বিশেষ এক ধরনের ধান চাষ করত। বাবা কাকডাকা ভোরে বন্দুক কাঁধে নিয়ে চলে যেতেন এমন কোনো এক ধানখেতের পাশে, বনমোরগ শিকার করতে। ভাগ্য ভালো থাকলে মিলে যেত ময়ূর (ভারতীয় ময়ূর, ইংরেজি নাম Indian Peafowl, বৈজ্ঞানিক নাম Pavo cristatus)। মধুপুর গড়ের শালবনে তখন ময়ূর ছিল। এই ময়ূর আজ বাংলাদেশ থেকে লুপ্ত। সর্বশেষ দেখা গেছে গাজীপুরের রাথুরা শালবনে গত শতকের আশির দশকের শুরুতে। তবে বর্মি ময়ূর (ইংরেজি নাম Green Peafowl, বৈজ্ঞানিক নাম Pavo muticus) নামের অপর এক প্রজাতির ময়ূর পার্বত্য চট্টগ্রামের গহিন বনাঞ্চলে অল্পকিছু টিকে আছে বলে ধারণা করা হয়। বর্মি ময়ূর আকার-আকৃতিতে ভারতীয় ময়ূরের অনুরূপ হলেও এদের গলা সবুজ (ভারতীয় ময়ূরের গলা নীল)। এ ছাড়া বর্মি ময়ূরের মাথার ঝুঁটি ভারতীয় ময়ূরের তুলনায় অনেক সরু।বাংলার দুই প্রজাতির ময়ূরের আজ এমন দুর্দশা যে কেউ আর এদের বুনো অবস্থায় দেখার আশা করেন না। তবে সম্প্রতি (এপ্রিল ২০১০) ময়ূরের এক অতি নিকট জ্ঞাতির দেখা পেয়েছি রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে। এর নাম কাঠময়ূর (ইংরেজি নাম Grey Peacock Pheasant, বৈজ্ঞানিক নাম Polyplectron bicalcaratum)। পুরুষ পাখি ঠোঁটের মাথা থেকে লেজের শেষ মাথা পর্যন্ত দৈর্ঘ্য ৬৪ সেন্টিমিটার। মেয়ে পাখি একটু ছোট, আকার ৪৮ সেন্টিমিটার। এদের পালকের রং ধূসর-বাদামি। লেজ ও ডানায় রয়েছে বাহারি বেগুনি-নীল চোখের মতো দাগ। এমন দাগের কারণে এরা দেশের অন্যতম সুন্দর পাখি। এদের লেজ বেশ লম্বা ও চওড়া এবং মাথার ওপর ঝাঁকড়া ঝুঁটি আছে। মেয়ে পাখির লেজ ও ঝুঁটি পুরুষ পাখির তুলনায় ছোট। এ ছাড়া মেয়ে পাখির পালকে চোখের মতো দাগগুলোও কিছুটা ছোট।কাঠময়ূর দেশের বিরলতম পাখিদের একটি। কাপ্তাই জাতীয় উদ্যান ছাড়াও এরা পার্বত্য চট্টগ্রাম এবং বৃহত্তর সিলেট অঞ্চলের মিশ্র চিরসবুজ অরণ্যে টিকে আছে। তবে প্রাকৃতিক বন ধ্বংসের কারণে এদের অস্তিত্ব আজ মহাসংকটে। এরা মানুষের কোলাহলমুক্ত প্রাকৃতিক বন পছন্দ করে। এপ্রিল-মে মাসে কাঠময়ূর বনের কোনো ঝোপের নিচে মাটিতে পাঁচ-ছয়টি ডিম পাড়ে। লাজুক স্বভাবের কারণে কদাচিৎ এদের ‘অক-কক-কক-কক’-জাতীয় ডাক শোনা গেলেও সহজে মানুষের নজরে পড়ে না। আর বুনো অবস্থায় এদের ছবি তোলা তো আরও দুষ্কর। কাঠময়ূর জংলি বীজ, ঘাসের গোড়া, নরম পোকা খেয়ে বাঁচে। এরা বিপদে পড়লেও সাধারণত ওড়ে না, দৌড়ে পালায়। এমন অপরূপ সুন্দর পাখিটিকে এ দেশে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই কাপ্তাইসহ দেশের সব অঞ্চলের মিশ্র চিরসবুজ অরণ্য ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে।