আমাদের কিছু ব্যর্থতা থাকতে পারে, তবে দুর্নীতি হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে বেশি দামে চাল কেনা প্রসঙ্গে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমরা হয়তো রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় পুরোপুরি সফল হতে পারিনি। আমাদের কিছু ব্যর্থতা থাকতে পারে। তবে অনিয়ম-দুর্নীতির যে ইঙ্গিত করা হয়েছে, তা অমূলক। এখানে দুর্নীতি হবে না। আর কোন পরিস্থিতিতে আমরা বিশ্ববাজার থেকে চাল কিনেছি, তা সাংবাদিকদের বিবেচনা করতে হবে।’গতকাল মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। কিছু জটিলতার কারণে ভারত থেকে চাল আনতে না পারায় থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে সরকার পর্যায়ে (জিটুজি) চুক্তির মাধ্যমে বাংলাদেশ চাল আনছে উল্লেখ করে তিনি বলেন, একটি রাষ্ট্রের সঙ্গে চুক্তি হওয়ার পর চালের দাম কমলেই ওই চুক্তি বাতিল করা যায় না।খাদ্যমন্ত্রী বলেন, চাল কেনার উৎস বহুমুখী করতে গত ৪ ফেব্রুয়ারি সরকার থাইল্যান্ডের সঙ্গে প্রতি টন ৫৮০ ডলার দরে দুই লাখ টন চাল কেনার চুক্তি করে। আন্তর্জাতিক বাজারদরের আলোকে আলোচনার ভিত্তিতে ওই দাম ঠিক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি সংস্থা ইউএসডিএর সূত্র উল্লেখ করে তিনি বলেন, ওই চুক্তি স্বাক্ষরের তিন দিন পর ৭ ফেব্রুয়ারি থেকে টানা প্রায় দুই মাস (৪ এপ্রিল পর্যন্ত) আন্তর্জাতিক বাজারে সেদ্ধ চালের দাম ৪০ ডলার কমে ৪৯৭ ডলারে দাঁড়ায়।গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত ‘বেশি দামে চাল কিনছে সরকার’ শীর্ষক প্রতিবেদন সম্পর্কে খাদ্যমন্ত্রী বলেন, ওই প্রতিবেদনে থাইল্যান্ডের একটি প্রতিষ্ঠানের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তারা ৪০০ ডলারে আফ্রিকায় চাল রপ্তানি করছে। একটি চুক্তিমূল্য চূড়ান্ত হওয়ার পর সেই দর নিয়ে মন্তব্য করা যেতে পারে। কিন্তু চুক্তিবদ্ধ দর বাতিল করার কোনো সুযোগ আছে কি না, তা প্রতিবেদকের ভেবে দেখার প্রয়োজন ছিল। তিনি বলেন, ‘এ ধরনের প্রতিবেদন যাঁরা লেখেন, সাংবাদিক সমাজের বিবেকের কাছে তাঁদের বিচার চাইছি।’মন্ত্রী বলেন, প্রতিবেদনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে থাইল্যান্ড সরকারের সঙ্গে ৪ ফেব্রুয়ারিতে নির্ধারিত দামের সঙ্গে ২৭ মার্চের ভিন্ন মানের অপর একটি চালানের দামের তুলনা করা হয়েছে। তথ্যের ভিত্তি ছাড়াই প্রতিবেদক চাইয়াপর্ন রাইস কোম্পানিকে সর্বাধিক সরবরাহকারী হিসেবে উল্লেখ করেছেন। অথচ ওই প্রতিষ্ঠান বেসরকারিভাবে মাত্র ৫০ হাজার টন চাল সরবরাহ করছে।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় একক সিদ্ধান্তে চাল আমদানি করতে পারে না। প্রধানমন্ত্রীর নীতিগত সিদ্ধান্ত, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে চূড়ান্ত চুক্তি করতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগে। তা ছাড়া দুই দেশের দুই সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির কোনো সুযোগ থাকে না।আব্দুর রাজ্জাক বলেন, খাদ্যশস্য আমদানির জন্য বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে অনেক চুক্তি করেও এর আগে চাল পাওয়া যায়নি। তাদের সঙ্গে চুক্তির পর বাজারে দাম বাড়লেই তারা কোনো একটা অজুহাত দেখিয়ে সরবরাহ বন্ধ করে দেয়। এ কারণেই সরকার পর্যায়ে চুক্তিতে যেতে হয়েছে।খাদ্যমন্ত্রী বলেন, দেশের বাজারে গত এক মাসে চালের দাম কেজিপ্রতি তিন-চার টাকা কমেছে। চলতি মাসের মাঝামাঝি সময় থেকে হাওর এলাকায় বোরো ধান কাটা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে সারা দেশে বোরো ধান কাটা শুরু হলে দাম আরও কমে আসবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খাদ্যসচিব বরুণ দেব মিত্র, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। ‘বেশি দামে চাল কিনছে সরকার’ শীর্ষক প্রতিবেদন সম্পর্কে একটি লিখিত ব্যাখ্যাও পাঠিয়েছে মন্ত্রণালয়। এতে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের পুনরাবৃত্তিই রয়েছে।