‘বেলাল ভাই, আস্তে-ধীরে যান, আমাদের কোনো তাড়া নাই।’ ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব’-এ যোগ দেওয়ার জন্য আমাদের এক শহর থেকে আরেক শহরে যেতে হয়। যেসব জায়গায় আমরা মাইক্রোবাস নিয়ে যাই, সেসব ক্ষেত্রে গাড়ির সব আরোহী চালককে এই আপ্তবাক্যটি মনে করিয়ে দেন! দেন বলেই খুলনা-মাওয়া মহাসড়কের খালি রাস্তায় গাড়িটির গতিবেগ থাকে কম। ফলে সামনের চাকা তীব্র শব্দে ফাটলেও চালক গাড়িটি সামাল দিতে পারেন। গণিত অলিম্পিয়াডের এই যাত্রাটির জন্য আমরা সারা বছর উন্মুখ হয়ে থাকি। মূল কারণ, এ যাত্রার সঙ্গীরা। যাত্রায় আমাদের সঙ্গী হন খোদাদাদ খান স্যার, লুৎফুজ্জামান স্যার, জাফর ইকবাল স্যার, কায়কোবাদ স্যার। আগে থাকতেন আমাদের প্রিয় গৌরাঙ্গ স্যার (প্রয়াত ড. গৌরাঙ্গ দেব রায়)। মাঝেমধ্যে যোগ দেন আব্দুল কাইয়ুম, আনিসুল হক ও মোহিত কামাল। আর বছরের একটি যাত্রায় পাওয়া যায় বিজ্ঞানী আতাউল করিমকে। গাড়িতে আরও থাকে গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান, তামিম শাহরিয়ার, সুব্রত দেবনাথসহ কেন্দ্রীয় মুভার্সরা। আমাদের যাত্রায় একজন ম্যানেজার থাকে। সে বেচারা সবার আগে গাড়িতে ওঠে আর নামে সবার পরে। আর অন্য যাত্রীদের মধ্যে যিনি সবার শেষে ওঠেন, তিনি নেমে যান সবার আগে! ময়মনসিংহ বা বগুড়াযাত্রায় এই ভাগ্যবানের নাম মুহম্মদ জাফর ইকবাল। ইব্রাহিম খলিলুল্লাহর পর এবার ম্যানেজারের দায়িত্বে বায়েজিদ ভূঁইয়া! ২০০৪ সাল থেকে আমাদের এই গণিতযাত্রা শুরু। কোনো একবার বরিশাল থেকে ফেরার পথে তুমুল বৃষ্টি (জুন মাস)। কথা ছিল ফরিদুর রহমান রাজবাড়ীতে নেমে পড়বে। কিন্তু এই তুমুল বৃষ্টির মধ্যে দশমাইল মোড়ে নেমে রাত দুইটার সময় বাড়ি যাওয়া অসম্ভব। ফরিদুর রহমানের (যার ডাকনাম পান্থ) দুঃখে ব্যথিত হয়ে গৌরাঙ্গ স্যার কবিতা লিখলেন, ‘কেন পান্থ ক্ষান্ত হও, হেরি বৃষ্টির রাত।’গণিত উৎসবের এই যাত্রাগুলো নানা স্মৃতিতে স্মৃতিময়। রংপুর উৎসব শেষে রওনা হয়ে আমি আর ইব্রাহিম খলিলুল্লাহ শেরপুরের ভেতর দিয়ে গভীর রাতে ময়মনসিংহে পৌঁছাই। একবার দিনাজপুর পৌঁছানোর ৩০ কিলোমিটার আগে গাড়ির গিয়ারবক্স খারাপ হয়ে যায়। কিন্তু গাড়ি চলতে থাকে।আলোচনায় ঘুরেফিরে আসে গণিত উৎসবের ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন নতুন সব আইডিয়া। তবে সবকিছু ছাপিয়ে থাকে মজার মজার গল্প। খুলনা যাওয়ার পথে একবার জাফর ইকবাল স্যার শোনালেন ‘ওয়াজিউল্লাহ’র গল্প। ওয়াজিউল্লাহ হলো সেই ভূত, যে কিনা স্যারদের প্ল্যানচেটে হাজির হয়েছিল। সেদিন রাতে স্যার ছাড়া বাকি সবাই যে ওয়াজিউল্লাহকে স্বপ্নে দেখেছে তা বলা যায়। গল্পের ওয়াজিউল্লাহর প্রভাবে আমাদের কনিষ্ঠতম মুভার্স একটি ভূতের গল্পও লিখে ফেলেছে সম্প্রতি। থাকে কায়কোবাদ স্যারের রাশিয়ার শিক্ষাজীবনের গল্প। তবে, স্যার থাকলে বাংলাদেশের ক্রিকেট খেলার প্রসঙ্গ আসবেই এবং বিতর্ক। তাঁর স্থানীয়দের মধ্যে কায়কোবাদ স্যার সম্ভবত অন্যতম, যিনি বাংলাদেশ ক্রিকেট দলের সব পরিসংখ্যান বলতে পারেন। আনিস ভাই থাকলে গল্পের চারাগাছ তরতর করে এগিয়ে চলে। আনিস ভাইকে আমরা সামনের সিটে, চালকের পাশে বসিয়ে দিই। একবার তিনি লক্ষ করলেন আমাদের গাড়ির চালক ঘুমিয়ে ঘুমিয়ে ভুল পাশ দিয়ে চলছেন!মাহমুদুল হাসান গাড়িতে থাকলে আর সিডি চালানো লাগে না। সে যে ভালো গায়, সেটি উৎসবের শিক্ষার্থীরাও টের পায়। একবার আমাদের এক দূরপাল্লার যাত্রায় সঙ্গী ছিল জাকারিয়া স্বপন। তার কারণে প্রতি দুই ঘণ্টা পরপর চালকসহ সবাইকে চা খেতে হয়েছে। কখনো কখনো রাস্তার পাশে মেলা দেখলে সেখানে আমরা থেমে পড়ি। পথে পথে কোথায় ভালো মিষ্টি পাওয়া যায়, কোথায় ভালো খিচুড়ি আর বিরিয়ানি পাওয়া যায়, কোথায় খেলে জিহ্বা পুড়ে যেতে পারে—এসব তথ্য সব সময় মজুদ থাকে সুব্রতর কাছে। কাঁচাগোল্লা খাওয়ার জন্য আমরা একবার রাত আড়াইটার সময় নাটোর শহরের ভেতরে মিষ্টির দোকানে হাজির হই! সব স্মৃতি যে আনন্দের হয় তা নয়। গত বছর সিলেট থেকে জাফর স্যারদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে, ঢাকাগামী বরিশালের লঞ্চ কুয়াশার জন্য রাতভর থেমে ছিল। এবার খুলনা থেকে ফিরতি যাত্রায় পাটুরিয়া থেকে আমিনবাজার পর্যন্ত রাস্তায় এমন কুয়াশা ছিল যে দুই হাত সামনের রাস্তাও দেখা যায় না। আমার সামনের সিটের দুজন ৭৫ বছর বয়সী তরুণ (খোদাদাদ খান স্যার ও লুৎফুজ্জামান স্যার) খুবই উদ্বিগ্নচিত্তে লক্ষ করছেন সামনে। আমাদের গাড়ির চালক ঠিকঠাকমতো রাত আড়াইটায় আমাদের নিজ নিজ বাড়িতে ফিরিয়ে দিয়েছে।পরদিন আবার বায়োজিদ ভূঁইয়া জুয়েলের ফোন, ‘পরের উৎসবে যাবেন না?’