বাংলাদেশের বড় বড় নদী যখন তার নাব্যতা হারাতে বসেছে, তখনই ছোট ছোট নদী শহরের রাস্তায় রাস্তায় তৈরি হচ্ছে। এমনি এক ছোট্ট নদী ডিসিসির ৩৭ নম্বর ওয়ার্ডের তেজগাঁওয়ের তিব্বতের আলকাতরা রোড। বৃষ্টি হলেই পানি পারাপারে শিশুশ্রমিকেরা রিকশা নিয়ে প্রস্তুত থাকে। তাদের ভাষ্য, ‘আফা, পানি পার দুই টেকা।’আহা, কী আনন্দ! এই তো রাজধানী ঢাকার চিত্র। তিব্বতের আলকাতরা রোড একটি গুরুত্বপূর্ণ সড়ক। তিব্বত বাসস্ট্যান্ড থেকে পশ্চিম দিকে এই রাস্তা সোজা আলকাতরা ফ্যাক্টরি পর্যন্ত গিয়ে ডানে পশ্চিম নাখালপাড়া, বাঁ দিকে পলিটেকনিক কোয়ার্টার ও পোস্টাল কোয়ার্টার। এখানে আরও আছে আড়ং সেন্টার, বিটিসিএলের তেজগাঁও ক্যাম্প, টেলিকম ট্রেনিং সেন্টার, শহীদ মনু মিয়া স্কুলসহ নামকরা সব গার্মেন্ট ফ্যাক্টরি ও গাড়ির শোরুম। সবাই ওই একটা রাস্তাই ব্যবহার করছে, যা শীত-গ্রীষ্মজুড়েই থাকে পানির নিচে। প্রতিদিন হাজার হাজার লোকের চলাচল এই রাস্তায়। অথচ কারও কোনো মাথাব্যথা নেই। যাঁরা ভাগ্যবান, তাঁরা গাড়িতে চলছেন হেলেদুলে-খানাখন্দ পেরিয়ে সানগ্লাস চোখে দিয়ে। কিন্তু বেশির ভাগ মানুষই হেঁটে অথবা রিকশায় চলাচল করছেন এই বিষাক্ত পানির মধ্য দিয়ে। বিশেষ করে শিক্ষার্থীরা সারা বছর কষ্ট করে অস্বাস্থ্যকর পরিবেশে চলাচল করছে। আমাদের প্রশাসন, বিশেষ করে নগরপিতার দৃষ্টি আকর্ষণ করছি, অতিসত্বর এ রাস্তার পানি নিষ্কাশনব্যবস্থাসহ সড়কটি উঁচু ও মেরামতযোগ্য করার ব্যবস্থা করুন। সদাশয় প্রশাসন আমাদের এই আবদারটুকু পূরণ না করলে আমরা হাজার হাজার সচেতন নাগরিক ভোটকেন্দ্রে যাব কোন রাস্তা দিয়ে?কাজী হেলেনা ইয়াসমিনটেলিকম ট্রেনিং সেন্টার২/জি স্টাফ কোয়ার্টার, তেজগাঁওনির্বাহী প্রকৌশলী যা বলেনতেজগাঁওয়ের তিব্বত এলাকার আলকাতরা রোডটি বেহালে থাকার কথা জানেন ডিসিসির অঞ্চল-৯-এর নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান। তিনি বলেন, কেস প্রকল্পের আওতায় রাস্তাটি উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে রাস্তাটি সংস্কার করা হবে। এ ছাড়া বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নর্দমা (ড্রেন) করা হবে। কিছু দিনের মধ্যেই এই কাজ শুরু হবে বলে তিনি জানান। আলকাতরা রোড বিষয়ে অভিযোগ নম্বর: ৭৫৪৯৩৯৮ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৯, ডিসিসি)