আমাদের জন্য অপেক্ষা করছে সুন্দর ভবিষ্যত্: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘সব প্রতিকূলতা পেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের জন্য অপেক্ষা করছে সুন্দর ভবিষ্যত্।’ মানবাধিকার আন্দোলনের অবিসংবাদিত নেতা মার্টিন লুথার কিংয়ের স্মরণসভায় প্রেসিডেন্ট বারাক ওবামা এ কথা বলেছেন। এ উপলক্ষে গতকাল রোববার ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে জনতার ঢল নামে। ১৯৬৩ সালের ২৮ আগস্ট এখানেই দাঁড়িয়ে লুথার কিং তাঁর বিখ্যাত ‘আই হ্যাভ এ ড্রিম’ শিরোনামে ভাষণ দিয়েছিলেন। মার্টিন লুথার কিংয়ের স্মরণসভায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে লোকজনের সমাগম ঘটে। ন্যাশনাল মলের উন্মুক্ত উদ্যানে লুথার কিংয়ের বিশাল আকৃতির প্রতিকৃতি উন্মুক্ত করা হয়। ‘আশার ফলক’ (স্টোন অব হোপ) শিরোনামে ৩০ ফুট উচ্চতার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে জনতা আবারও সামাজিক বৈষম্য, অনাচার ও অবিচারের বিরুদ্ধে শপথ নেয়। ওবামা তাঁর বক্তব্যে স্মরণ করিয়ে দেন, নাগরিক অধিকার আইন এবং ভোটাধিকার আইন আদায় করেই মার্টিন লুথার কিং থেমে থাকেননি। দারিদ্র্য ও বৈষম্যের অবসানের জন্য তিনি সংগ্রাম অব্যাহত রেখেছিলেন। অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় মার্টিন লুথার কিংয়ের জীবন থেকে অনুপ্রাণিত হওয়ার জন্য তিনি জনতার প্রতি আহ্বান জানান।জাতিসংঘের দূত এন্ড্রু ইয়াং বলেন, মার্কিন বাণিজ্যিক ব্যাংক ও পুঁজিবাজার লোভের পেছনে ছুটছে। নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা বেঞ্জামিন জিয়েলাস বলেন, যুক্তরাষ্ট্রে বৃহত্তর আন্দোলনের ক্রান্তিকাল চলছে। মানুষ ন্যায়বিচার পেতে উন্মুখ হয়ে আছে এবং আত্মমর্যাদা নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।স্মরণ সভামঞ্চে দাঁড়িয়ে মার্টিন লুথার কিংয়ের মেয়ে বার্নিস কিং বলেন, ‘আজকের স্মরণসভা থেকে জনগণ আবার সহানুভূতির বার্তা নিয়ে ফিরবে। বিভেদহীন সমাজ বিনির্মাণে আমরা আবার ব্রতী হব।’লুথার কিংয়ের ছেলে মার্টিন লুথার কিং (জুনিয়র) বলেন, মানবাধিকার আন্দোলনের প্রেরণায় উদ্বুদ্ধ প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের চলমান সমস্যার মানবিক সমাধানে উদ্যোগী হয়েছেন।‘অকুপাই ওয়াল স্ট্রিট’ আন্দোলনের উল্লেখ করে স্মরণসভায় বক্তারা বলেন, চলমান বৈষম্যের অবসানের মধ্য দিয়ে মার্টিন লুথার কিংয়ের স্বপ্নের বাস্তবায়ন করতে হবে। তাঁরা বলেন, যুক্তরাষ্ট্রে বেকারত্ব চরমে পৌঁছেছে। মানুষ কর্মহীন। জনগণ তাদের স্বাস্থ্য ও বাসস্থানের সমস্যা নিয়ে জর্জরিত। মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ১৯৬৩ সালের অহিংস আন্দোলনে মার্টিন লুথার কিংয়ের সঙ্গী ছিলেন কংগ্রেসের জন লুইস। যুক্তরাষ্ট্রের তত্কালীন নাগরিক অধিকার আন্দোলনের একমাত্র বেঁচে থাকা সংগঠক জন লুইস বলেন, মার্টিন লুথার কিংকে স্মরণের এ দিনটিকে পবিত্রতম দিন বলে মনে হচ্ছে। জন লুইস সমবেত জনতার উদ্দেশে বলেন, সংগ্রাম করতে গিয়ে পীড়নের শিকার হয়েছিলেন মার্টিন লুথার কিং। তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল, ছুরিকাঘাত করা হয়েছিল, বারবার নাজেহাল করা হয়েছিল। কিন্তু তিনি কখনো সহিংস হয়ে ওঠেননি। সহিংসতায় লিপ্ত হতে কখনো উত্সাহও দেননি। তিনি সমবেত জনতার উদ্দেশে বলেন, আজ যেন বলতে পারি জাতি হিসেবে আমাদের উন্নতি ঘটেছে।মার্টিন লুথার কিংয়ের বড় বোন ৮৪ বছর বয়সী ক্রিস্টিন কিং ফারিস উত্তাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে বলেন, ‘বিশেষ ও মহত্ কাজের জন্য বড় হয়ে ওঠা ছোট ভাইকে আমি দীর্ঘদিন কাছে থেকে দেখেছি। অবিসংবাদিত এ নেতার স্বপ্ন বাস্তবায়নে আজ আমরা নতুন করে প্রত্যয়ী হতে পারি।’