আমাদের জীবনে বড়দিন
আজ বড়দিন! সেই প্রথম বড়দিনের রাতে জিহুদিয়ার সর্বহারা রাখালদের কাছে যিশুর জন্মবারতা জানিয়ে স্বর্গদূতেরা এই আনন্দের গান শুনিয়েছিলেন, ‘ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাঁহার প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি’। স্বর্গীয় সে আনন্দ হওয়ার কথা সব মানুষেরই। ঐতিহাসিক গিবনের মতে, খ্রিষ্টের জন্মের সময় রোমান সাম্রাজ্যের প্রায় অর্ধেক মানুষই ছিল দাস-দাসী। দুঃখ-কষ্টে ভরা জীবনযুদ্ধে সর্বস্বান্ত মানুষের জন্য সেদিন স্বর্গের দূতেরা ত্রাণকর্তা খ্রিষ্টের শুভ জন্মবারতা শোনালেন। বাইবেলের শিক্ষায় সমস্ত সম্পদ ও সৃষ্টির স্রষ্টা ও একমাত্র সার্বভৌম মালিক ন্যায়বান ও প্রেমময় ঈশ্বর। ‘পৃথিবী ও সমস্ত বস্তু সদাপ্রভুরই; জগৎ ও তন্নিবাসীগণ তাঁহার’ (গীতসংহিতা ২৪: ১)। ঈশ্বর চান, সব মানুষই যেন শান্তিতে বাস করে ও তাঁর প্রশংসা করে।কিন্তু স্বার্থপরতা ও লোভের কারণে মানুষ নিজের ও অন্যের জন্য দুঃখের কারণ হয়; সবল ও চতুর মানুষ অন্যের অধিকার হরণ করে; সমাজে আসে দারিদ্র্য ও বঞ্চনা। তা থেকে তৈরি হয় অশান্তি ও হিংসা। বাইবেলের অনেক অংশজুড়েই রয়েছে ন্যায্যতার বিষয়ে সুস্পষ্ট শিক্ষা। এই ন্যায্যতার মানবসমাজ গঠনের পথে দরিদ্রের প্রতি প্রেম প্রদর্শনের বিষয়টি পুরোনো ও নতুন—উভয় নিয়মে বড় স্থান করে নিয়েছে। খ্রিষ্টধর্ম দর্শনে মানুষের জীবনের জন্য পরিপূর্ণ জীবনব্যবস্থা দেওয়া হয়েছে। মানুষ দেহে, মনে ও আত্মায় পরিপূর্ণ ও এক সুষম জীবন নিয়ে বেঁচে থাকবে, তা-ই স্রষ্টা ও প্রেমময় ঈশ্বরের ইচ্ছা। যাকোব তাঁর পত্রে বলেছেন, ‘ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা এবং সংসার হইতে আপনাকে নিষ্কলঙ্করূপে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে শুচি ও বিমল ধর্ম্ম’ (যাকোব ১: ২৭)। দরিদ্রের সেবা ধর্মের অঙ্গ। ঈশ্বর সব নবীর মধ্য দিয়ে স্মরণ করিয়ে দিয়েছেন যে প্রকৃত সিয়াম সাধনা ও উপবাস কেবল পানাহার থেকে বিরত থাকাই নয়; বরং তার সঙ্গে থাকা চাই ন্যায্যতার কাজ, দুর্বল-দরিদ্রের আর্থসামাজিক মুক্তিদান, যারা সবলের দ্বারা অত্যাচারিত ও শোষিত, তাদের আর্থিক কষ্ট দূর করা। ধর্মকর্মের প্রকাশ হতে হবে সমাজে সবকিছুতে ন্যায়বিচারের কাজে। আমোষ তাই বলেছেন, ‘বিচার জলবৎ প্রবাহিত হউক; ধার্ম্মিকতা চির প্রবহমান স্রোতের ন্যায় বহুক’। ধার্মিকতা ও ন্যায়বিচারকে এক করে দেখা হয়েছে এখানে। মিখা নবীর মাধ্যমে ঈশ্বর বলেছেন, ঈশ্বর লৌকিক ধর্ম-কর্মে সুখী নন। তাই বলা হয়েছে, ‘হে মনুষ্য যাহা ভাল, তাহা তিনি তোমাকে জানাইয়াছেন; বস্তুতঃ ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন?’। তাই বাইবেলে দরিদ্রদের প্রতি ধনী বা সবল লোকদের সেবা বা প্রেমের কাজ হচ্ছে মূলত ন্যায্যতা ও ঈশ্বরের প্রতি প্রেম ও নম্রতার প্রমাণ। তা কেবল করুণা করার বিষয়ই নয়। বাইবেলে ‘পরিত্রাণ’ মানে সামগ্রিক অর্থে মুক্তি: আত্মিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি। ঈশ্বর মানুষের সেই মুক্তির জন্য আমাদের আহ্বান করেন। তিনি অত্যাচারিত শাসকের পতন ঘটান ও শোষিত, বঞ্চিত জনতাকে মুক্ত করেন। লুক ১ অধ্যায়ে মরিয়মের ঈশ্বরবন্দনা ও ৪ অধ্যায়ে যিশুর জীবনের উদ্দেশ্যের বিবৃতি সেই কথাই ব্যক্ত করে। অত্যাচারী ও শোষকের পতন ও তার সঙ্গে দুর্বল ও ভাগ্যহত মানুষের মুক্তি ঈশ্বরের দৃষ্টিতে মহৎ বিষয়। দরিদ্রের পক্ষে বিচার করা খ্রিষ্টধর্মের মধ্যে একটি বড় অনুশাসন। গীতসংহিতা ৮২: ৩-৪ এ বলা হয়েছে, ‘দীনহীন ও পিতৃহীন লোকদের বিচার কোরো, দুঃখী ও অকিঞ্চনদের প্রতি ন্যায় ব্যবহার কোরো। দীনহীন ও দরিদ্রকে নিস্তার কোরো; দুষ্টলোকদের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার কোরো’ সমাজে সম্পদ ও সুযোগের ন্যায্য বণ্টনের অভাবে এক শ্রেণীর মানুষ সম্পদের পাহাড় গড়ে, অপরদিকে অধিকাংশ মানুষ দারিদ্র্যের কশাঘাতে সীমাহীন দুঃখে জীবনযাপনে বাধ্য হয়। এ সমস্যার সমাধানের জন্য ন্যায়বিচারের কোনো বিকল্প নেই। যাকোবের পত্রের শিক্ষায় আমরা তাই দেখতে পাই, প্রেমময় ও ধার্মিক ঈশ্বরে আমাদের বিশ্বাসের বাহ্যিক প্রমাণ হতে হবে অকপট প্রেমের কাজে ও সেবায়। ‘কোনো ভ্রাতা কিংবা ভগ্নি বস্ত্রহীন ও দৈবসিক খাদ্যবিহীন হইলে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তাহাদিগকে শরীরের প্রয়োজনীয় বস্ত্র না দেও, তবে তাহাতে কী ফল দর্শিবে? তদ্রূপ বিশ্বাস ও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া মৃত (যাকোব ২:১৫-১৭)।’ আমরা ধর্মের বাণী সঠিক পালন করি না বলেই পৃথিবীর বর্তমান এই হাল হয়েছে, যেখানে মাত্র ১০% মানুষ পৃথিবীর ৯০% সম্পদ ভোগ করে আর ৯০% মানুষ বাকি ১০% সম্পদ ভোগ করে। ওই ৯০% মানুষের পক্ষে ঈশ্বর কথা বলেন আমাদের বিবেকে। আমাদের ঐকান্তিক কামনা ও চেষ্টা হওয়া উচিত এমন এক সমাজ ও পৃথিবী গড়া, যেখানে প্রতিটি মানুষ মানবীয় সত্তার পরিপূর্ণ বিকাশের জন্য সুন্দর পরিবেশ ও সুযোগ পাবে, পাবে তার ন্যায্য অধিকার, হবে তার সুস্থ দেহ, মন ও অন্তর এবং সকলের জীবনেই হবে স্রষ্টার প্রশংসা।খ্রিষ্টধর্ম কেবল একটা ধ্যান নয়, তা কেবল কর্মও নয়। খ্রিষ্টধর্মের অর্থ সহভাগিতা ও অংশগ্রহণ। ধ্যানের অর্থ ঈশ্বরকে মাত্র কোনো জিনিসরূপে কল্পনা করা। কিন্তু অংশগ্রহণের অর্থ তাঁর প্রতি বিশ্বাস ও প্রেমে অন্যের জন্য ও অন্যের সঙ্গে কাজ করা, সেবা করা, জীবনকে নির্মল আনন্দে উপভোগ করা ও অন্যকে তা ভোগ করতে দেওয়া। খ্রিষ্টের আত্মদান ও প্রেম আমাদের সবাই আজ নতুন করে অনুপ্রেরণা দান করুক, যেন আমরাও একে অন্যকে সেবা করতে পারি। পৃথিবীতে মানুষে মানুষে যদি ন্যায্যতা ও শান্তি থাকে, তাহলেই স্বর্গে ঈশ্বরের গৌরব ও মহিমা হবে। মার্টিনঅধিকারী: ধর্মতাত্ত্বিক ও সমাজসেবক।