আমাদের তিন স্পিনার খেলানো বিশেষ কিছু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ বছরের ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে অনেক বৈচিত্র্য দেখেছি। মনে রাখার মতো অনেক ঘটনা আছে। তবে হলফ করে বলতে পারি, স্পিন বোলিং এর মধ্যে নেই। এমনকি পল অ্যাডামস যখন তার বৈচিত্র্যময় অ্যাকশন দিয়ে প্রতিপক্ষকে ভেঙেচুরে ফেলছিল, তখনো নয়। পুরোধা হিসেবে নয়, বোলিং আক্রমণে তাকে দেখা হতো ‘বিশেষ সংযুক্তি’ হিসেবে।ইম্মির (ইমরান তাহির) অভিষেকটা অসাধারণ হলো। ডেল স্টেইন আরেকবার ভালো বোলিং করল এবং দুর্দান্ত একটি সেঞ্চুরি করেছে এবি ডি ভিলিয়ার্স। তবে এই তিনজনের ম্যাচ জেতানো পারফরম্যান্সের চেয়েও বিশেষ ব্যাপার ছিল মনে হয় তিনজন স্পিনার খেলানো।সত্যি বলতে কি, দক্ষিণ আফ্রিকা গত দুই দশকে নিজেদের শক্তির ওপর আস্থা রেখেই এগিয়েছে। আমাদের সাফল্যের মূলে ফাস্ট বোলিং এবং এটা মাথায় রেখেই টেস্ট ও ওয়ানডে দল গড়ি আমরা।পরিস্থিতি এখন পাল্টেছে এবং লক্ষ্যে অবিচল থাকার সাহস আমাদের ছিল। স্পিনারদের প্রতি আস্থা রেখেছি আমরা। আমি আগেই বলেছি, দলের ১৫ জন খেলোয়াড়ই একাদশে সুযোগ পাওয়ার মতো। এটা দারুণ রোমাঞ্চের।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনজন স্পিনার খেলানোর বিষয়টি পাকা ছিল না। আসলে প্রতিটি ম্যাচের আগেই আমরা দলের সমন্বয় নিয়ে আলাদা করে ভাবব। অসাধারণ ফর্মে থাকার পরও লনওয়াবো সতসোবের প্রথম ম্যাচে খেলতে না পারা দুঃখজনকই ছিল। তবে আমি নিশ্চিত, ও শিগগিরই দলে সুযোগ পাবে। এটা বলতে পারি, সিদ্ধান্তটা ও আনন্দের সঙ্গেই মেনে নিয়েছে। ব্যক্তির চেয়ে দলের ফলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।আমি তো ইমরানের একটা ব্যাপার দেখে মুগ্ধ হয়ে গেছি। ও এমন নির্ভার থাকতে পেরেছে এবং ১০ বছর ধরে যে খেলাটা ওকে সাফল্য এনে দিয়েছে, সাবলীলভাবে সেভাবেই খেলতে পেরেছে। আমি শুধু ওর কাছ থেকে আশা করেছিলাম, ও যেন স্বাভাবিক থাকে এবং প্রথম কয়েক ওভার শৃঙ্খলার সঙ্গে বোলিং করে। কিন্তু ইমরান সব সময় যা করে, সেটাই করল। বল করল উইকেট পাওয়ার জন্য। ব্যাপারটি দারুণ উপভোগ্য ছিল।নিজের সহজাত প্রতিভায় বিশ্বাস করার মতো আরেকজন হচ্ছে এবি। দলকে ২০ রানে রেখে আমি যখন আউট হয়ে গেলাম, তখন ওর স্বাভাবিক থাকতে হতো, আর প্রয়োজন ছিল দৃঢ় ব্যাটিং করা। কিন্তু ওর নিজের প্রতি যে বিশ্বাস আছে, সেটা ও দেখাল এবং যে কাজটা সবচেয়ে ভালো পারে, সেটাই করল। একেবারে রক্ষণাত্মক না হয়ে মারার বলে মেরে গেল।গ্রায়েম স্মিথের অধিনায়কত্বের কথা না বললে আমার ভুলই হবে এবং তার ব্যাটিংও একটা ব্যাপার। ইয়োহান বোথাকে দিয়ে বোলিং ওপেন করানোটা সত্যিই প্রশংসনীয় সিদ্ধান্ত। প্রথম ওভারেই ক্রিস গেইলের উইকেট পাওয়াটা অবশ্য বাড়তি পাওনা ছিল। এবি যেমন আক্রমণে বিশ্বাসী, গ্রায়েমও অনেকটা সে রকম। ও এমনভাবে খেলেছে যে যতক্ষণ পর্যন্ত ম্যাচ দৃশ্যত জেতা হয়নি, ততক্ষণ পর্যন্ত আউট হয়নি।খুব ভালো শুরু হলো। কিন্তু এখনো যেতে হবে অনেক দূর।