তোমার পরম স্নেহে বেড়ে উঠেছি আমরা পাঁচটি ভাইবোন। কোনো দিন একটু ফুলের টোকাও লাগতে দাওনি আমাদের শরীরে। সেই মা, তোমাকে ছেড়ে আজ আমরা সবাই কত ব্যস্ত অন্য কারও মা হয়ে।মনে পড়ে মাগো, ’৭১-এর সেই বিভীষিকাময় দিনগুলোর কথা! তখন জন্ম আমার আগস্টের সেই উত্তাল সময়ে। শত্রুর ভয়ে আশ্রয় নেওয়া এক ঘুটঘুটে অন্ধকার বাংকারে। প্রচণ্ড প্রসব বেদনায় কাতর তুমি—লোক নেই, জন নেই, পথ্য নেই। আমাকে প্রসব করার পর নিজেই আমার নাড়ি কেটেছিলে! তোমার যে বসে থাকারও সময় নেই, আরও তিনটি অবুঝ সন্তান তাকিয়ে আছে তোমার দিকে। তাদের মুখে খাবার তুলে দিতে হবে। বাবা তখন পাক সেনাদের হাতে বন্দী। সবকিছু সামলেছ একা তুমি। বেশি শিক্ষিত ছিলে না তুমি—কিন্তু রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ সব তোমার নখদর্পণে। সংসারে তোমাকে একটু সাহায্য করতে গেলেই বলতে—এগুলো করার সময় অনেক পাবে, পড়াশোনার সময় আর পাবে না। আজ আমরা সব ভাইবোন উচ্চশিক্ষিত। তার পরও তোমার আফসোস, তোমার মেয়েরা সাবলম্বী নয়। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও তোমার মতো করে কেন ভাবি না, তুমি কত সচেতন—রাজনীতি, শিল্পসাহিত্য, নারী স্বাধীনতায়। আমরা তোমার মতো হতে পারিনি, মাগো—আমাদের তুমি ক্ষমা কোরো।সাবিনা, গোড়ান, ঢাকা।