বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণ-অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দিয়েছেন প্রবীণ আইনজীবী রফিক-উল হক। তিনি বলেছেন, দেশের শান্তির জন্য দুই নেত্রীর মধ্যে সংলাপ অত্যন্ত জরুরি। আর সংলাপের প্রস্তাব দেওয়া প্রধানমন্ত্রীরই কর্তব্য বলে তিনি মন্তব্য করেন।প্রবীণ এই আইনজীবীর মতে, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। নির্দলীয়, নিরপেক্ষ একটি অস্থায়ী সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। সেটি কোয়ালিশনও হতে পারে।রফিক-উল হক বলেন, ‘আমি এখনো বলছি, ইলিয়াস আলী ফিরে আসবে।’ তাঁর মতে, রেল মন্ত্রণালয়ের দুর্নীতির কেলেঙ্কারি ঢাকার জন্য ইলিয়াস আলীর ইস্যু আনা হয়েছে। আর ইলিয়াস ইস্যু ঢাকা দেওয়ার জন্য বিরোধী দলের নেতাদের জেলে পাঠানো হয়েছে।রফিক-উল হক বলেন, তিনি রাজনীতি করেন না। রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়াও তাঁর উচিত নয়। তার পরও তিনি এসেছেন ‘বিশেষভাবে’। বিরোধী দল হরতালের মতো কর্মসূচি না দিয়ে গণ-অনশনের মতো শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ায় বিরোধী দলকে ধন্যবাদ জানান রফিক-উল হক। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘প্রথম আমাদের নেত্রী দেখালেন, অনশন করেও প্রতিবাদ জানানো যায়।’ সবাই এ ধরনের কর্মসূচি অনুসরণ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।