আমাদের পাশে থাকুন
অতিথিপরায়ণ হিসেবে খ্যাতি আছে আমাদের। বিশ্বকাপ সেই খ্যাতিকে আরও ছড়িয়ে দেওয়ার উপলক্ষ। বাংলাদেশে বিদেশিদের আতিথেয়তায় কখনোই কমতি হয় না। তার পরও সবাইকে আমার অনুরোধ, বিশ্বকাপ উপলক্ষে যাঁরা আসবেন, তাঁদের প্রতি যেন বাড়তি যত্নবান হই আমরা। এমন কিছু না করি, যাতে দেশের মর্যাদা ক্ষুণ্ন হয়।বিশ্বকাপ পৃথিবীর বুকে বাংলাদেশকে নতুন করে চেনাবে। কাজেই দায়িত্বটা সবার। আমাদের যেমন অনেক দেশে গেলে মনে হয়, ইস্! এই দেশটাতে যদি আবার আসতে পারতাম! বিশ্বকাপ উপলক্ষে আসা বাইরের অতিথিদেরও বাংলাদেশ ছাড়ার সময় যেন তা-ই মনে হয়।২০০৭ বিশ্বকাপ খেলার সময়ই পরের বিশ্বকাপটা বাংলাদেশে হবে ভেবে একটা রোমাঞ্চ কাজ করছিল। যতই দিন গেছে, আস্তে আস্তে সেটা বেড়েছে। এখন তো একদম শেষ পর্যায়ে সবকিছু। রোমাঞ্চটা অনেক বেশি। বিশ্বকাপ নিয়ে দেশের মানুষ যেমন শিহরিত, আমার বিশ্বাস, দলগুলোর অবস্থাও তা-ই। তবে এক-দুইটা ম্যাচ গেলে সবাই একটু ধাতস্থ হয়ে উঠবে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ বলে এদিক দিয়ে আমরা একটু সুবিধাজনক অবস্থায় আছি। ভারত আমাদের গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল। ওদের সঙ্গে প্রথম ম্যাচটা হয়ে গেলে আমাদের চাপ অনেক কমে যাবে। এরপর কয়েক দিনের বিরতি আছে। নিজেদের ভুলগুলো শোধরাতে পারব। তবে এ ম্যাচের ফলাফলের ওপর অনেক কিছু নির্ভর করবে। প্রথম ম্যাচে যদি ইতিবাচক কোনো ফল এসে যায়, সেটার চেয়ে বড় পাওয়া আর কিছু থাকবে না। দলের মানসিকতাই বদলে যাবে। আমার মনে হয়, স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপের শুরুটা এ রকমই হওয়া উচিত। স্বাগতিক দল খেলছে এমন একটা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিপক্ষে, যাদের ফেবারিট ধরা হচ্ছে। উদ্বোধনী ম্যাচ হিসেবে এটাই উপযুক্ত।গত বিশ্বকাপের সময় ভারতীয় দলে অনেক সমস্যা ছিল। এখন ওরা অনেক সংগঠিত। অনেক ভারসাম্যপূর্ণ দল। দল হিসেবে ওদের সামর্থ্য আমাদের চেয়ে বেশি। তবে ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা, বলা যায় না কখন কী হয়। আগের বিশ্বকাপে যখন ভারতকে হারিয়েছিলাম, তখনো কিন্তু ওরা প্রায় এ রকমই দল ছিল। কাজেই অসম্ভব কিছুই না। ভালো কিছু আশা করাই যায়।ভারতের বিপক্ষে গত বিশ্বকাপের ম্যাচটা বেশ কয়েকবার দেখেছি টিভিতে। প্রতিবারই একই রকম ভালো লাগে, আর শুধু গত বিশ্বকাপের ভারত ম্যাচ না, ১৯৯৯ সালের পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাও দেখেছি কয়েকবার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাও টিভিতে দেখায় মাঝে মাঝে। এসব ম্যাচ দেখার সময় শরীরে অন্য রকম একটা অনুভূতি হয়। বিশেষ করে রাতে যখন একা একা দেখি।ভারত ছাড়াও এবার আরও বেশ কয়েকটা বড় দলের বিপক্ষে গ্রুপ পর্বে খেলব। ইংল্যান্ডের বিপক্ষে আমাদের সবচেয়ে বড় সুবিধা—ওদের দলে মরগান নেই। ও স্পিনটা খুব ভালো খেলে। আর ম্যাচটা চট্টগ্রামে, মিরপুরের চেয়ে অনেক ভিন্ন ধরনের উইকেট সেখানে। ওখানে স্পিন একটু বেশি হয়। এটা আমাদের জন্য বড় একটা সুবিধা। ইংল্যান্ড এই কন্ডিশনে এমনিতেই চাপে থাকবে। সম্প্রতি অ্যাশেজ জিতলেও ওয়ানডে সিরিজে তারা ৬-১-এ হেরেছে। ৬-১ ব্যবধানটা কিন্তু অনেক বড়। এটা বিশ্বকাপেও তাদের মনে থাকবে। আর যেহেতু আমাদের হারানোর কিছু নেই, এটাও একটা সুবিধা আমাদের জন্য। আমি তো বিশ্বাস করি, আমাদের খুব ভালো সম্ভাবনা আছে ইংল্যান্ডকে হারানোর। আমি বলছি না যে আমরা ওদের চেয়ে ভালো দল, তবে আমাদের বেশ ভালো সুযোগ আছে জেতার।সুযোগ আছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। দলটা বিশেষ কয়েকজন ক্রিকেটারের ওপর নির্ভরশীল। ক্যালিস খুব ভালো ফর্মে আছে, ডি ভিলিয়ার্সও। স্মিথ, আমলা, ডুমিনিও খুব ভালো খেলছে। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা দলটা বেশ শক্তিশালী। তবে শেষ কথা হলো, উপমহাদেশের বাইরেও গত বিশ্বকাপে আমরা ওদের বিপক্ষে জিতেছি। ভালো স্মৃতি তো আমাদের আছেই। কাজেই ম্যাচ শুরুর আগে কেউই বলতে পারবে না বাংলাদেশের সুযোগ নেই।ওয়েস্ট ইন্ডিজের এখনকার দলটা নিয়ে কোনো পূর্বানুমানই টেকে না। হয়তো দল হিসেবে ওরা ফর্মে নেই। কিন্তু গেইল-পোলার্ডের মতো ক্রিকেটার আছে, যাদের যে কেউ একাই ম্যাচ বের করে নিতে পারে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ এলে সেটি অবশ্যই কাজে লাগাতে হবে। সুযোগ অবশ্যই আসবে, সেটা ধরে রাখতে পারব কি না, সেটাই বড় ব্যাপার। সুযোগ এসে হাত থেকে ফসকে গেল...এই জিনিসটা যেন না হয়।‘বি’ গ্রপের বাকি দুই দল আয়ারল্যান্ড আর হল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি হবে ঠিক উল্টো। এই দুই ম্যাচে ওদের হারানোর কিছু নেই, আমরা হারাতে পারি অনেক কিছুই। দুটি ম্যাচই আমাদের ভালোভাবে জেতা উচিত। তবে গুরুত্বপূর্ণ হলো, কারও মধ্যে যেন ছাড়া ছাড়া ভাব না চলে আসে। এসব ম্যাচে এটাই একমাত্র ভয়। অন্য দলের বিপক্ষে আমরা যতটা সিরিয়াস থাকি, ওদের বিপক্ষেও অতটা সিরিয়াস থাকলে মনে হয় না যে ওরা আমাদের সামনে দাঁড়াতে পারবে। আয়ারল্যান্ডের সঙ্গে আমাদের কিছু যন্ত্রণার স্মৃতিও আছে। বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ—দুই জায়গাতেই ওরা আমাদের হারিয়েছে, যদিও আমার মনে হয় না সেগুলো নিয়ে এখন খুব বেশি চিন্তা করার আছে। এটা শুধুই আরেকটা ম্যাচ। বিশ্বকাপে ভালো কিছু করার জন্য সেখানে আমাদের জিততে হবে, ব্যস। হল্যান্ডের ক্ষেত্রেও একই কথা।দর্শকদের উদ্দেশে একটা কথা বলতে চাই। দেশের মাটিতে বিশ্বকাপে দর্শকদের ভূমিকাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু একটা কথা সবাইকে মনে রাখতে অনুরোধ করব, খেলতে নেমে সবাই সাধ্যমতো চেষ্টা করে তার পরও হয়তো প্রত্যাশিত ফল অনেক সময় আসে না, দর্শকদের মূল কাজটাই তখন। অনেক সময় হয়তো প্রতিপক্ষের খুব ভালো একটা জুটি হলো আর আমাদের ফিল্ডিংটা একটু ঢিলেঢালা হয়ে গেল। তখনই কিন্তু দর্শকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গোটা গ্যালারি যদি শুধু ‘বাংলাদেশ বাংলাদেশ’ বলে চিৎকারও করে ওঠে, খেলোয়াড়দের জন্য অন্য রকম হবে সেটা। তারা চিন্তা করবে, ‘পুরো দেশ চাচ্ছে আমরা ভালো কিছু করি...।’ একটা জেদ চলে আসবে তখন। বিশ্বকাপের সময় মাঠের বাইরেও কিছু চাওয়ার আছে আমার। অনেক সময় কোনো রেস্টুরেন্টে খেতে গেলে বা কোথাও ঘুরতে গেলে অনেক মানুষের সঙ্গে দেখা হয়। তারা যদি তখন বলেন, ‘কি ভাই, কী খেললেন...’, এই কথাগুলো খেলোয়াড়দের খুবই খারাপ লাগে। খারাপ খেললে খেলোয়াড়েরা নিজেরাই কিন্তু মানসিক যন্ত্রণায় থাকে। তাদের চেয়ে কেউ বেশি কষ্ট পায় না। সবাই এটা খেয়াল রাখলে আমাদের জন্য ভালো। ভালো খেললে তালি, খারাপ খেললে গালি—এই ধারাটা দূর হলে আমরা হয়তো আরও ভালো খেলতে পারব। মানুষের সমর্থনটা আমাদের খারাপ সময়েই বেশি দরকার। বিশ্বকাপের সময় কোনো খেলোয়াড়ের সঙ্গে দেখা হলে ‘কী খেললেন, ওভাবে খেললেই পারেন’ এসব না বলে শুধু শুভকামনা জানালেই আমরা অনুপ্রাণিত হব।আরেকটা কথা বলি, একজন ব্যাটসম্যান যখন আউট হয়ে উইকেট থেকে ড্রেসিংরুমে ফেরে, তার কাছে ওই পথটা যেন আর শেষই হতে চায় না। অথচ অনেক দর্শক তখন আজেবাজে কথা বলে। হয়তো আগের ম্যাচেই একজন রান করেছে, পরের ম্যাচে রান না করলেই শুরু হয়ে যায় গালি! মিরপুরে আমাদের ড্রেসিংরুমটা গ্যালারির সঙ্গেই বলে সবই শুনি আমরা। সবাই ভুলে যায়, একজন ব্যাটসম্যানের জন্য আউট হওয়ার সময়টার চেয়ে কষ্টের সময় আর হয় না। আমি অনুরোধ করব, ওই সময় নেতিবাচক কিছু না বলে সাপোর্ট করুন। বিদেশে গেলে প্রবাসী বাংলাদেশিদেরই বলতে শুনি, ক্রিকেট নাকি বিশ্বের দরবারে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। আগে আমাদের দেশকে শুধু দুর্যোগ আর বন্যার দেশ হিসেবে জানলেও এখন ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে সবাই অন্যভাবে চিনছে। সমর্থকদের প্রতি আমাদের একটাই চাওয়া—আপনারা আমাদের সমর্থন করুন, বাংলাদেশ দলের পাশে থাকুন। আমরা প্রতিদান দিতে কার্পণ্য করব না।