ঢাকার মাঠে লিওনেল মেসিকে দেখার স্বপ্ন পূরণ হয়েছে। মেসি-হিগুয়েইন-মাচেরানোদের পায়ের জাদু ঘরের মাঠে ইন্দ্রজাল বিছিয়ে মোহের জগৎ তৈরি করে গেল। প্রায় ৩০ কোটি টাকার আর্জেন্টিনা-নাইজেরিয়া হাইভোল্টেজ ম্যাচ আয়োজনের কীর্তিতে কর্তৃপক্ষ তৃপ্তির ঢেঁকুর না তুলে নতুন স্বপ্নের জাল বুনছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে পুনর্নির্বাচিত হলে কাজী সালাউদ্দিনের পরিকল্পনা অনুযায়ী আগামী বছর ১২ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে ডিয়েগো ম্যারাডোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখতে পারে বাংলাদেশের মানুষ। এমনকি ভবিষ্যতে বার্সেলোনা ও ব্রাজিলকে আনার বাসনাও রয়েছে।এমন উচ্চাভিলাষী আয়োজন দেশের ফুটবলের জাগরণে কতটা ইতিবাচক ভূমিকা রাখবে? তারকাবহুল দল ও তারকা ফুটবলারদের ভিড়ে ঘরোয়া ফুটবল আবার আড়ালে পড়ে যাবে না তো? যাবতীয় স্বপ্নবিলাসী তৎপরতা যদি আমাদের ফুটবলের অগ্রযাত্রায় অনুঘটক না হয়, তবে সবই ‘অর্থহীন অপব্যয়’ বলে পরিগণিত হবে। কাজেই সুষ্ঠু, সুদূরপ্রসারী পরিকল্পনা, আন্তরিকতা ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে দেশীয় ফুটবলকে আরও ওপরে তুলতে সর্বোচ্চ চেষ্টাটাই করতে হবে।ক্রীড়া সংস্কৃতির যেকোনো বড় আয়োজন এমনিতেই যথেষ্ট উদ্দীপনা জাগায়। যাঁদের পায়ে আমাদের ফুটবলের ভবিষ্যৎ, উঠতি সেই ফুটবলাররা মেসি-হিগুয়েইনদের নান্দনিক, কারুকাজমণ্ডিত ফুটবলে অনুপ্রাণিত হয়ে নিজেদের শাণিত করার প্রয়াস পাবে। এর সঙ্গে যদি বাফুফে সঠিক এবং সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে পারে, তবেই এগিয়ে যাবে আমাদের ফুটবল। সালাউদ্দিনের কাছ থেকে আমরা সেটাই আশা করছি। তিনি পারবেন ফুটবলকে এগিয়ে নিতে—এ বিশ্বাস আছে আমাদের।সোহেল নওরোজবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহপ্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা।